দগ্ধদের কথা বলতে গিয়ে কাঁদলেন জার্মান রাষ্ট্রদূত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ছোট্ট হলঘরে বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ। বলছিলেন, ‘আমি এখানে আসার আগে পেট্রলবোমায় দগ্ধ রোগীদের দেখে এলাম।’ একটু থেমে থমাস আবার কথা শুরু করলেন, কিন্তু শেষ করতে পারলেন না। শুধু বললেন, ‘ভয়াবহ, সহ্য করা যায় না।’ এরপর চোখ মুছতে মুছতে ফিরে গেলেন নিজের আসনে।
গতকাল রোববার জার্মান রাষ্ট্রদূত ঢাকা মেডিকেলে অতিথি হয়ে এসেছিলেন দগ্ধ রোগীদের চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে। বার্ন ইউনিটে এই বিশেষ ক্যাম্পে জার্মানি, হাঙ্গেরি ও নেদারল্যান্ডসের সাতজন চিকিৎসক ও দুজন সেবিকা বিনা মূল্যে দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা দেন। তাঁরা ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৭৪ জন দগ্ধ রোগীর অস্ত্রোপচার করেন। রোগীদের মধ্যে ছয়জন ছিলেন পেট্রলবোমায় দগ্ধ।
‘ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ নামে প্রবাসীদের একটি সংগঠন ও সাংসদ হাবিব এ মিল্লাতের উদ্যোগে ওই তিন দেশের খ্যাতনামা প্লাস্টিক সার্জনরা বাংলাদেশে আসেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিন ার সঙ্গে সাক্ষাতের পর তাঁরা নিজ দেশে ফিরে যাবেন।
নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্টিন ভ্যান হুগসট্র্যাটেন পেট্রলবোমায় দগ্ধ মানুষের চিকিৎসায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় চিকিৎসকদের সাধুবাদ জানান। তিনি বলেন, দুর্যোগের সময় দেশ-জাতির গণ্ডি ভেঙে চিকিৎসকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। তাঁর নিজের দেশের চিকিৎসকদের বাংলাদেশের জেলা হাসপাতালে দেখতে পেয়ে তিনি খুব খুশি হয়েছেন।
এদিকে প্লাস্টিক সার্জারি দলের প্রতিনিধি ও ইন্টারপ্লাস্ট হাঙ্গেরির প্রতিষ্ঠাতা গ্রেগ পাটাকি বলেন, ‘ক্যাম্পে কাজ করতে পেরে আমাদের কাছ থেকে বাংলাদেশের চিকিৎসকেরা শিখেছেন। তাঁদের কাছ থেকে আমরা শিখেছি।’ দগ্ধ রোগীর চিকিৎসায় বাংলাদেশ অনেক এগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসকেরা জানান, পেট্রলবোমায় দগ্ধ রোগী তাঁরা আগে দেখেননি। বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা পদ্ধতির প্রশংসা করলেও, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখার সুপারিশ করেন চিকিৎসকদের সফররত দলটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, পেট্রলবোমায় দগ্ধদের যতবার তিনি দেখতে এসেছেন, ততবারই ভীষণভাবে দুঃখ পেয়েছেন।
১৪টি মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন রোগীদের চিকিৎসায় সামান্যতম অবহেলাও হয়নি বলে জার্মান রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ হাবিব এ মিল্লাত, ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হাসনাত মিয়া, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক মো. মিজানুর রহমান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবুল কালাম প্রমুখ।