দগ্ধদের জন্য না.গঞ্জের দুই হাসপাতালে পাঁচটি শয্যা
সহিংসতায় দগ্ধ রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে দুটি সরকারি হাসপাতালে পাঁচটি শয্যা সংরক্ষণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ওয়ার্ডে তিনটি এবং নগরের মণ্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের তৃতীয় তলায় দুটি শয্যা বরাদ্দ দেওয়া হয়েছে। এই হাসপাতাল দুটিতে আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী।
জেলা সিভিল সার্জন জানান, ‘সহিংসতায় আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য দুটি হাসপাতালে দুটি করে মোট চারটি শয্যা সংরক্ষণ করা হয়েছে। যেসব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব, তাদের এখানে চিকিৎসা দেওয়া হবে। আর যাদের অবস্থা বেশি খারাপ, তাদের অন্যত্র পাঠানোর পরামর্শ দেওয়া হবে। এ পর্যন্ত ছয়জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।’
বার্ন ইউনিটের জন্য প্রধানমন্ত্রীর চার কোটি টাকাতবে খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিউল আজম জানান, হাসপাতালে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য সরকারিভাবে দুটি শয্যা রাখার নির্দেশ থাকলেও তিনটি শয্যা বরাদ্দ করা হয়েছে। হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে দুটি পুরুষ ও মহিলা ওয়ার্ডে একটি শয্যা রাখা হয়েছে। হাসপাতালে আসা রোগীদের চিকিৎসার জন্য সার্জারির দুজন, অর্থোপেডিকসের একজন চিকিৎসক ও রেজিস্ট্রার, সহকারী দুজনসহ ছয়জন নার্স এবং তিন শিফটে তিনজন ওয়ার্ডবয় রাখা হয়েছে।
ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের সার্জারির দুজন চিকিৎসক ও দুজন নার্সের দায়িত্বে সেখানকার কার্যক্রম পরিচালনা করা হবে।
গত ১৮ জানুয়ারি নগরের চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে যাত্রীবাহী বন্ধন পরিবহনের বাসে পেট্রলবোমা ছুড়লে চিকিৎসক দম্পতির দুই বছরের শিশু সাফিরসহ আহত হয় পাঁচজন। ঘটনার পর শিশু সাফিরকে প্রথমে নগরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গুরুতর অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।