অবরোধ-হরতালে অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসা ও পুনর্বাসনকাজে সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও এক দিনের বেতনের টাকা দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় ‘দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শিক্ষকেরা মৌন মিছিল করবেন। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও অনুরূপ কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, পেট্রলবোমা একটি যুদ্ধাস্ত্র। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর এই অস্ত্র আর কখনো ব্যবহার করা হয়নি। কিন্তু এখন জনগণের বাহন বাস-ট্রাক ধ্বংস ও নিরস্ত্র-নিরীহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তিনি সরকারের প্রতি এসব ‘সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের’ জন্য আরও কঠোর শাস্তির বিধান করা, অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২-এর মতো সংসদের চলতি অধিবেশনে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে পেট্রলবোমা অপরাধ দমনে নতুন আইন প্রণয়ন করা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা বলার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি।
এক দিন হরতাল-অবরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে দৈনিক ১৬ কোটি শ্রেণিঘণ্টা নষ্ট হয় উল্লেখ করে লিখিত বক্তব্যে আসন্ন এসএসসি পরীক্ষার আগেই হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজনীতি হবে দেশের উন্নয়নের জন্য। সাধারণ মানুষকে জিম্মি করে ও পেট্রলবোমা মেরে কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। রাজনীতিকেরা কী ধরনের কর্মসূচি নেবেন, এ বিষয়েত আমরা কোনো পরামর্শ দেব না। আমরা মনে করি, তাঁরা নিজেরাই বোঝেন দেশ ও জনগণের স্বার্থে কী ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয়।’
সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি হাসিবুর রশিদ, যুগ্ম সম্পাদক আফতাব আলী শেখ, কোষাধ্যক্ষ শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।