দড়িতে ঝুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
ফরিদপুরে দড়িতে ঝুল খেতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মহিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির (১০) মহিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত। সে ওই গ্রামের মৃত জাহাঙ্গীর খানের ছেলে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্লা সাব্বিরের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, সাব্বির বাড়ির পাশে একটি গাছের ডালে দড়ি ঝুলিয়ে ঝুল খেতে খেতে গলায় থাকা গামছা পেঁচিয়ে অচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষক মো. জমির হোসেন বলেন, সাব্বিরের বাবা জাহাঙ্গীর খান কয়েক বছর আগে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান। সাব্বিরের মা সাবিনা বেগম ঢাকায় সেবিকার চাকরি করেন। সাব্বির গ্রামে দাদির কাছে থেকে পড়াশোনা করত।