দড়িতে বাঁধা প্রতিবন্ধী জীবন
পলি খাতুন (২২)। কথা বলতে পারেন না। খুঁড়িয়ে হাঁটতে পারেন, কিন্তু দৌড়াতে পারেন না। তবু বাঁশের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাঁকে। ছোটবেলা থেকে এভাবেই চলছে তাঁর জীবন। পলি পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
পলির মা সাহিদা খাতুন বলেন, পলি অনেক কিছুই বোঝে। কানেও শুনতে পায়। আগে হাঁটতে পারত। এখন পায়ের সমস্যার কারণে খুঁড়িয়ে হাঁটে। সে ঘরে থাকতে চায় না। রাস্তায় বেরিয়ে পড়ে। তাই হারিয়ে যাওয়ার ভয়ে পলিকে তাঁরা দিনের বেলা দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাতে খুব একটা বেঁধে রাখতে হয় না।
তবে এভাবে বেঁধে রাখায় পলির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন ঈশ্বরদীর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল কাদের। তিনি বলেন, অসুস্থ কোনো মানুষকে এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা অমানবিক ও অন্যায় কাজ। অনাদর না করে বরং স্নেহ ও ভালোবাসা দিয়ে তাঁকে সুস্থ করে তোলা উচিত।
এলাকাবাসী সূত্র জানায়, ভাড়ইমারি গ্রামের রাস্তার পাশে প্রতিদিন সকাল থেকে পলিকে এভাবে হাতে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। মাঝেমধ্যে হেসে ওঠেন, কখনো বা কাঁদেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী বলেন, দড়িতে বাঁধা অবস্থায় পাড়ার দুষ্টু ছেলেমেয়েরা পলিকে প্রায় সময় কিলঘুষি মারে। অনেকে গায়ে থুতু ছিটিয়ে দেয়। দীর্ঘদিন থেকে এভাবেই তাঁকে বেড়ে উঠতে দেখেছেন তিনি।
পলির পরিবার সূত্র জানায়, জন্মের পর থেকেই পলি অসুস্থ ছিল। বড় হওয়ার পর তাঁরা বুঝতে পারেন পলি প্রতিবন্ধী। স্থানীয়ভাবে চিকিৎসা করেও তাঁকে সুস্থ করা যায়নি। তবে উন্নত চিকিৎসা হলে তিনি ভালো হতে পারেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আর্থিক সংগতি না থাকায় তাঁরা উন্নত চিকিৎসা করাতে পারছেন না।
পলির ছোট বোন কলেজছাত্রী জলি খাতুন (১৮) বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধী হিসেবে সরকারি কোনো সুযোগসুবিধা পাচ্ছেন না পলি। প্রতিবন্ধী ভাতার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে (ইউপি) যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দড়ি দিয়ে বাড়ির পাশে গরুর ঘরের বাঁশের খুঁটির সঙ্গে পলির হাত বেঁধে রাখা হয়েছে। কিছু জিজ্ঞেস করতেই পলি হেসে ওঠেন। কিন্তু কথা বলেন না। বাড়ির লোকজন সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ছুটে এসে দড়ি খুলে দেন। পলি আনন্দে হেসে ওঠেন।
এ ব্যাপারে ছলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, তিনি ঘটনাটি জানেন না। তবে তদন্ত করে দেখবেন। যদি ঘটনা সত্যি হয়, তবে পলিকে এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত হচ্ছে না। হয়তো পালিয়ে যাওয়ার ভয়ে পরিবারের সদস্যরা এ কাজটি করছেন। তাঁর ইউনিয়নে প্রতিবন্ধীর ভাতা পাওয়া মানুষের সংখ্যা কম। তবে ভবিষ্যতে পলিকে সরকারি সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানান তিনি।