দণ্ড ও জরিমানার পর এল জেব্রা ক্রসিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে জেব্রা ক্রসিং ধরে পথচারী পারাপারের ব্যবস্থা নিয়েছে পুলিশ। আবার নিয়ম লঙ্ঘন করে একটি গাড়ি চলে এসেছে জেব্রা ক্রসিংয়ের ওপর। এতে চলাচলে অসুবিধায় পড়েন পথচারীরা। গতকাল বিকেল চারটায় তোলা ছবি: প্রথম আলো
অবশেষে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে জেব্রা ক্রসিং ধরে পথচারী পারাপারের ব্যবস্থা নিয়েছে পুলিশ। আবার নিয়ম লঙ্ঘন করে একটি গাড়ি চলে এসেছে জেব্রা ক্রসিংয়ের ওপর। এতে চলাচলে অসুবিধায় পড়েন পথচারীরা। গতকাল বিকেল চারটায় তোলা ছবি: প্রথম আলো

কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে এবার জেব্রা ক্রসিং ধরে পথচারী পারাপারের ব্যবস্থা নিয়েছে পুলিশ। গতকাল শনিবার পথচারীদের জেব্রা ক্রসিং ধরে চলতে সহায়তা করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে।
ট্রাফিক ব্যবস্থাপনার ভাষায় যে স্থানটি জেব্রা ক্রসিং বলা হয়, সারা বিশ্বেই এটি পথচারী পারাপারের পথ হিসেবে স্বীকৃত। কিন্তু সেখান দিয়ে পারাপারের দায়েই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েক দিন ধরে জরিমানা ও শাস্তি গুনতে হয়েছে পথচারীদের।
গত মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত কারওয়ান বাজার থেকে বাংলামোটর পর্যন্ত জরিমানা ও দণ্ডের শিকার হওয়া পথচারীর সংখ্যা ৭১১। এর মধ্যে বসুন্ধরা সিটির পথ ধরে ইটিভি ভবনমুখে জেব্রা ক্রসিং ধরে আসার পথে এক নারীকে আটকায় পুলিশ। ওই নারী প্রতিবাদ করলে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সার্ক ফোয়ারা মোড়ে পথচারী পারাপারের জন্য আগে থেকেই সড়ক বিভাজকের একাংশ কেটে পথ করা ছিল। কিন্তু জেব্রা ক্রসিং হিসেবে ব্যবহারের জন্য যে সাইন বা সংকেত থাকার কথা, তা ছিল না। গতকাল সেখানে সাদা রঙের সাইন দেখা গেছে।
এখনো রাজধানীর অনেক জেব্রা ক্রসিং দিয়ে যানবাহন পারাপার করতে দেখা যায়। অনেক স্থানে জেব্রা ক্রসিংয়ে সিমেন্টের তৈরি খুঁটি রেখে দিয়ে পথ ছোট করে দেওয়া হয়েছে। এসব খুঁটিতে বাঁশ-দড়ি বেঁধে পুলিশ সময় সময় যান নিয়ন্ত্রণ করে থাকে।
রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সংকেতবাতির খুঁটির মধ্যে মানুষের চিহ্নসংবলিত সংকেতব্যবস্থা রয়েছে। লাল মানুষের চিহ্ন হলে যানবাহন আর সবুজ মানুষ হলে পথচারী চলার কথা। এই ব্যবস্থা গতকালও বন্ধ দেখা গেছে। ট্রাফিক পুলিশ হাত ইশারায় যানবাহন থামানোর পর পথচারীদের পথ চলতে দেখা গেছে। তবে সেখানেও কিছুটা বিপত্তি রয়ে গেছে।
কারণ মোটরযান আইনে বলা আছে, জেব্রা ক্রসিংয়ে নির্দিষ্ট স্থানে যানবাহন থামবে। কিন্তু গতকাল বিকেলে সার্ক ফোয়ারা মোড়ে দেখা গেছে, যানবাহনগুলো জেব্রা ক্রসিংয়ের যেখানে সাদা রঙের দাগ দেওয়া হয়েছে, সেখানে এসে যানবাহন থামছে। এতে পথচারী পারাপারের পথ সংকুচিত হয়ে যাচ্ছে।
এ ছাড়া বীর উত্তম সি আর দত্ত সড়ক ধরে যেসব পথচারী পান্থপথ সড়ক পার হতে চান, তাঁদের জন্য কোনো জেব্রা ক্রসিং নেই। ওইখানে বাঁ পাশের একটি লেন আলাদা করতে গিয়ে পুলিশ শিট ও লোহার রড দিয়ে তৈরি বেড়া দিয়ে আটকে দিয়েছে। ফলে পথচারীদের অনেক দূর এগিয়ে গিয়ে দ্রুতগতির যানবাহনের ফাঁক গলে পথ চলতে হয়।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কোথায় জেব্রা ক্রসিং হবে, সেটা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। সিটি করপোরেশন সার্ক ফোয়ারা মোড়ে জেব্রা ক্রসিং করেছে, পুলিশ সেভাবেই ব্যবস্থা নিয়েছে। অন্য কোথাও জেব্রা ক্রসিং করলে পুলিশ সেই অনুযায়ী পথচারী পারাপারের ব্যবস্থা করবে।