দণ্ড কার্যকর সরকারের সিদ্ধান্তের বিষয়: অ্যাটর্নি জেনারেল
মানবতাবিরোধী অপরাধী জামায়াতের নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে রিভিউ করার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে তিনি মনে করেন, কীভাবে দণ্ড কার্যকর হবে, তা সরকারের সিদ্ধান্তের বিষয়।
আজ বুধবার নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম সাংবাদিকদের মুখোমুখি হন। তখনই তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘যারা বলছে, রিভিউ দায়েরের সুযোগ আছে, তাদের বলছি সংবিধানের ৪৭(ক) ২ পড়ার জন্য। বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের একটি আদালতে বিচার হয়। আমাদের এখানে দুটি আদালতে বিচার হয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে। এর পরও রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে সময় ক্ষেপণের জন্য।’
পূর্ণাঙ্গ রায় প্রয়োজন কি না, এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। আপিল বিভাগ সে রায় বহাল রেখেছেন। জেল কর্তৃপক্ষ দেখবে আদেশের অংশ। তাদের কি পুরো রায় দরকার আছে?’ সংক্ষিপ্ত আদেশে দণ্ড কার্যকর সম্ভব বলেও মনে করেন তিনি।
কাদের মোল্লার প্রসঙ্গটি দৃষ্টি আকর্ষণ করা হলে মাহবুবে আলম বলেন, ‘আগের মামলায় কী হয়েছে, তা বড় বিষয় নয়। আইনে কী আছে, তা–ই বড় বিষয়। সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে কিছুই করা যাবে না, এ বিষয়ে একমত হতে পারছি না।’
দণ্ড কার্যকর সময়ের ব্যাপার মাত্র কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘নিশ্চয়ই। কীভাবে দণ্ড কার্যকর হবে, তা সরকারের সিদ্ধান্তের বিষয়।’ মাহবুবে আলম মনে করেন, রাষ্ট্র প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ দেবে। আসামিকে দোষ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সোমবার আপিল বিভাগ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গতকাল বুধবার সকালে ঢাকা কারাগারে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।
বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম জানান, বিকেলে পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো আদেশ পাননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রায় হওয়ার পর থেকে আমাদের এক ধরনের প্রস্তুতি আছে। এটা আমাদের রুটিন কাজের অংশ।’