দণ্ড দেওয়ার পরও রোগী দেখা থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ড দেওয়া ও অর্থ জরিমানা করার পরও হবিগঞ্জে চার চিকিৎসকের রোগী দেখা থেমে নেই। কথিত এসব চিকিৎসকের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।সিভিল সার্জন সফিকুর রহমান জানান, চিকিৎসা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় শহরের চার চিকিৎসককে কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, তাঁরা আদালত কর্তৃক অভিযুক্ত। এর পরও কী করে একই পরিচয়ে রোগী দেখছেন, তা সংশ্লিষ্ট বিভাগের গুরুত্ব দিয়ে দেখা উচিত।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সমপ্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভুয়া গাইনি চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগ আনেন শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মমতাজ বেগম ওরফে রীনার বিরুদ্ধে। আদালত তাঁকে অর্থ জরিমানা করেন। পাশাপাশি তাঁকে ৪৫ দিনের মধ্যে শহর ছাড়ার নির্দেশ দেন। অথচ মমতাজ এখনো নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মমতাজ বেগম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত আমার জিনিসপত্র আটক করেছেন, সত্য। তবে আদালত আমাকে এলাকা ছাড়ার কোনো অধিকার রাখেন না। প্রয়োজনে আমি আজই চিকিৎসক উপাধি তোলে নেব।’শহরের গণস্বাস্থ্য হোমিওকেন্দ্রের এস এম সরওয়ার নিজেকে হোমিওচিকিৎসক পরিচয় দিয়ে এত দিন রোগী দেখছিলেন। চিকিৎসা সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত মার্চের শুরুর দিকে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ না করায় তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তিনি জামিনে বেরিয়ে আবার হবিগঞ্জ পৌর শ্মশানঘাট এলাকায় অবস্থিত তাঁর গণস্বাস্থ্য হোমিওকেন্দ্রে রোগী দেখা শুরু করেন। জানতে চাইলে এস এম সরওয়ার বলেন, তিনি আদালত থেকে জামিনে আছেন।শহরের কোর্টস্টেশন এলাকার হারবাল মিউজিয়াম ও নিউ পারভিন হোমিও হলের চিকিৎসক পরিচয় দেওয়া এম এ আলীমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। তার পরও একই পরিচয়ে তিনি রোগী দেখে চলেছেন। অভিযুক্ত এম এ আলীম দাবি করেন, তিনি হোমিওপ্যাথিকের ওপর ডিপ্লোমা করেছেন। ‘ডাক্তার’ উপাধি তিনি ব্যবহার করতে পারেন। ওষুধের গায়ে মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় তাঁকে জরিমানা করেছিলেন আদালত। তবে সিভিল সার্জন জানান, এম এ আলীমের দাবি যৌক্তিক হলে তাঁকে জরিমানা করা হতো না। শহরের সওদাগর মসজিদ এলাকার ঝর্ণা ডেন্টাল কেয়ারের বিশ্বজিত আচার্য্যকে সমপ্রতি সিভিল সার্জন কার্যালয় ডেকে পাঠানো হয়। চিকিৎসা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনতে বলা হয় তাঁকে। কিন্তু সেসব কাগজ দেখে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সন্তুষ্ট না হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে বিশ্বজিত জামিনে বের হয়ে আসেন। বর্তমানে তিনি নিজ চেম্বারে বসে রোগী দেখছেন। বিশ্বজিত আচার্য্য দাবি করেন, তিনি সিভিল সার্জন কার্যালয়ের ষড়যন্ত্রের শিকার। এ কারণে তাঁকে জেল খাটতে হয়েছে।হবিগঞ্জের সিভিল সার্জন সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, এঁদের কারও কারও বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। বিচারের আওতাধীন থাকায় তাঁদের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না। তবে যাঁরা অর্থদণ্ডে দণ্ডিত, তাঁরা একই অপরাধ করার কারণে আবার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, তাঁরা সবাই ভুয়া উপাধি ব্যবহার করছেন।