অবিলম্বে সংবিধান সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রপতির ক্ষমালাভের অযোগ্য করার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।একাত্তরের গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংবিধান এবং ট্রাইব্যুনাল আইন ও বিধি সংশোধনের তাগিদ দিতে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্মূল কমিটি এ দাবি জানায়। ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ উদ্ধৃত করে বলেন, কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া যেকোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। সে অনুসারে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডও ‘মওকুফ, স্থগিত বা হ্রাস’ করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। এ জন্য সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে সেখানে এমন একটি ধারা সংযোজন করা হোক, যাতে ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা রাষ্ট্রপতির ক্ষমালাভের অযোগ্য হন।নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা আন্তর্জাতিক আইনে এমন গুরুতর অপরাধ, যা ১৯৮৬ সালের ভিয়েনা কনভেনশন অনুসারে কোনো রাষ্ট্র ক্ষমা করতে পারে না। রাষ্ট্রপরিচালনার মূলনীতিসংক্রান্ত বাংলাদেশ সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের নীতিগুলোর একটি হবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। শাহরিয়ার কবির সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন এবং ব্যক্তির পাশাপাশি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সংগঠনেরও বিচার ও শাস্তির দাবি করেন। নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক তুরীন আফরোজ বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটিতে দুর্বলতা থাকলে আপিল বিভাগেও কাঙ্ক্ষিত ফল না পাওয়া যেতে পারে। এ জন্য তাঁর বিরুদ্ধে নতুন এক বা একাধিক অভিযোগ এনে ট্রাইব্যুনালে আলাদা মামলা করা যায় কি না, তা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দল ও তদন্ত সংস্থা ভেবে দেখতে পারে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহসভাপতি ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।