নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আসামিদের দেওয়া বিচারিক আদালতের দণ্ড বহাল রাখার আরজি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানিতে গতকাল রোববার তিনি এ আরজি জানান। শুনানিতে তিনি বলেন, নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হলে জনমনে এই ধারণা বদ্ধমূল হবে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ কেউই আইনের ঊর্ধ্বে নন।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল ৩০তম দিনের মতো শুনানি গ্রহণ করেন। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তাঁর যুক্তি উপস্থাপন শেষ করে সমাপনী বক্তব্য দেন। আজ সোমবার আসামিপক্ষের প্রতি-উত্তর দেওয়ার কথা রয়েছে।
নিম্ন আদালতের রায়ে ওই মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
গত ২২ মে রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেন, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান ও এস এম আবদুল মুবিন উপস্থিত ছিলেন।
শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে বলেন, ‘নৃশংস ওই হত্যাকাণ্ডের পেছনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য যুক্ত হওয়ায় জনমনে দারুণ বিষণ্নতা দেখা দেয়। ওই মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজা সঠিক। এই শাস্তি বহাল থাকা উচিত মর্মে বক্তব্য রেখেছি। এই সাজা বহাল রাখা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও যে আইনের ঊর্ধ্বে নন জনমনে এই ধারণাই বদ্ধমূল হবে। কেননা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো আমাদের রক্ষা করা। তাদের কেউ যদি হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যায়, তার চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।’
শুনানির বিষয় নিয়ে মাহবুবে আলম বলেন, ওই ঘটনার নেপথ্যে যাঁরা আছেন অর্থাৎ নূর হোসেন ও তারেককে (তারেক সাঈদ মোহাম্মদ) সরাসরি হত্যাকাণ্ড স্থানে দেখা না গেলেও তাঁদের আদেশ, নির্দেশে ও প্ররোচনায় অপরাধমূলক কাজের যে ষড়যন্ত্র হয়েছে তা তাঁদের যুক্ত থাকার জন্যই।
শুনানিতে ওই ঘটনাকে অপরাধজগতের মাইলফলক বলে অভিহিত করেন মাহবুবে আলম। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশে যত অপরাধ ঘটেছে, এই সমস্ত অপরাধের পরিসংখ্যান যদি নেওয়া হয়, সে পরিসংখ্যানের ভেতরে এই অপরাধটি অপরাধজগতের মাইলফলক হয়ে থাকবে। এই কারণে যে আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাজ হলো আমাদের রক্ষা করা সেখানে তারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে আদালত রায় দিয়েছেন।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। পরে তাঁদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। এই সাত খুনের ঘটনায় করা দুই মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ গত ১৬ জানুয়ারি রায় দেন। রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের বরখাস্ত করা ৩ কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ৩৫ আসামির মধ্যে অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।