দণ্ডপ্রাপ্ত আসামি শামীমের আত্মসমর্পণ
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ড পাওয়া পলাতক আসামি শামীম আহমদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রাজনের পক্ষের আইনজীবী মশরুর চৌধুরী বলেন, আসামি শামীম এ মামলার প্রধান আসামি ও ফাঁসির দণ্ডাদেশ পাওয়া কামরুল ইসলামের বড় ভাই। গত ৮ নভেম্বর সিলেট মহানগর দায়রা জজ আদালতের দেওয়া রায়ে শামীমকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ওই সময় তিনি পলাতক ছিলেন।
গত ৮ জুলাই শিশু রাজনকে সিলেট শহরে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। মামলার মাত্র ১৭ কার্যদিবসে বিচার শেষ করে ৮ নভেম্বর রায় প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। রায়ে মামলার আসামি কামরুল ইসলাম, চৌকিদার ময়না মিয়া, তাজউদ্দিন ওরফে বাদল ও পলাতক জাকির হোসেন ওরফে পাবেলকে ফাঁসি, নির্যাতনের ভিডিওধারণকারী নূর আহমদকে যাবজ্জীবনসহ আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।