দণ্ডপ্রাপ্ত এএসআই হাবিবুর বহাল ছিলেন চাকরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় কারাদণ্ড হওয়ার পরও আড়াই মাস ধরে চাকরিতে বহাল ছিলেন পুলিশের এক সদস্য। গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বরিশালের হিজলা থেকে।
সাত বছর কারাদণ্ড পাওয়া ওই পুলিশ সদস্যের নাম হাবিবুর রহমান। তিনি বর্তমানে সহকারী উপপরিদর্শক (এএসআই)। কর্মরত ছিলেন বরিশালের নৌপুলিশে। সাত খুনের সময় তিনি ছিলেন কনস্টেবল। মামলার রায়ে তাঁকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়।
বরিশালের হিজলা থানা-পুলিশের সহায়তায় গতকাল দুপুরে হিজলারটেক নৌ-পুলিশ ফাঁড়ি থেকে হাবিবুরকে গ্রেপ্তার করে শরীয়তপুরের নড়িয়া থানা-পুলিশের একটি দল। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার কাঞ্চনপাড়া গ্রামের হাদ বক্সের ছেলে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান গতকাল সন্ধ্যায় হাবিবুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তাঁকে এত দিন গ্রেপ্তার করা হয়নি কেন, জানতে চাইলে ওসি মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হাবিবুর যে দণ্ডাদেশপ্রাপ্ত তা আমরা আগে জানতাম না। গতকাল নড়িয়া থানার দুজন কর্মকর্তা হাবিবুরের বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে পরোয়ানা নিয়ে আমাদের থানায় এলে বিষয়টি অবগত হই। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।’
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের এসপি মঈনুল হকের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
হিজলা থানা সূত্র জানায়, আলোচিত ওই খুনের সময় র্যা বে কর্মরত ছিলেন কনস্টেবল হাবিবুর। পরে পুলিশ বাহিনীতে ফিরে আসেন। কনস্টেবল পদ থেকে এএসআই পদে পদোন্নতি পেয়ে বরিশাল নৌ–পুলিশে দায়িত্ব পালন করতে থাকেন। সাত খুন মামলার রায়ে কারাদণ্ড হওয়ার পর গত ১৪ ফেব্রুয়ারি হাবিবুরের গ্রামের বাড়ি নড়িয়ায় পলাতক আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে পরোয়ানা পাঠানো হয়।