দণ্ডপ্রাপ্ত শিক্ষককে অপসারণ করার দাবি রায়গঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা আদর্শ বিদ্যালয়ের দণ্ডপ্রাপ্ত শিক্ষক এ কে এম ফজলুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে ‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ স্লোগানে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘুড়কা বাসস্ট্যান্ড চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আতিক মাহমুদ, স্থানীয় একটি সংবাদপত্রের সম্পাদক মোস্তফা নূরুল আমীন, মানবাধিকারকর্মী কামরুল হাসান, উপজেলা ভূমিহীন সমিতির নেতা অজয় সেন প্রমুখ।
বক্তারা বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষককে একটি মহল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে তৎপরতা শুরু করেছে। নানা অপকর্মের হোতা ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক এ কে এম ফজলুল হক বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বলেন, ‘বিশেষ কাউকে সহকারী প্রধান শিক্ষক করার চেষ্টা করা হচ্ছে না। মোট নয়জন এ পদে আবেদন করেছেন। ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষায় যিনি ভালো করবেন, তাঁকেই নিয়োগ দেওয়া হবে।’
এলাকাবাসী সূত্র জানায়, গত বছরের ৯ অক্টোবর ঘুড়কা বাজারে একটি কোচিং সেন্টার থেকে ওই শিক্ষককে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার অভিযোগে এলাকাবাসী আটক করেন। পরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০০ টাকা জরিমানা করেন।