দণ্ডপ্রাপ্ত শিক্ষককে বরখাস্তের নির্দেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দণ্ডপ্রাপ্ত এক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনাপত্র-সংশ্লিষ্ট সূত্র জানায়, এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনায় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম ফজলুল হককে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় গত বছরের ১১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর অভিযুক্ত শিক্ষককে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় গত ১৩ এপ্রিল অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্তের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
গতকাল সোমবার বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোকুল দাস পত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন, ২৩ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে করণীয় ঠিক করা হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা পাওয়ার পরই প্রধান শিক্ষককে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর ঘুড়কা বাজারে একটি কোচিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ার অভিযোগে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের ভ্রাম্যমাণ আদালত ওই শিক্ষককে ২০০ টাকা জরিমানা করেন। এই ঘটনার পর এলাকাবাসী ওই শিক্ষককে অপসারণের দাবি জানান। এ নিয়ে গত ৩০ অক্টোবর প্রথম আলোয় ‘দণ্ডপ্রাপ্ত শিক্ষককে অপসারণ করার দাবি রায়গঞ্জে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।