দণ্ডপ্রাপ্ত সাবেক ওসি হেলাল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলাল উদ্দিন
হেলাল উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় তিন বছরের দণ্ডাদেশ পাওয়া খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল রোববার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হেলাল উদ্দিন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সাইদুর রহমান।
২০১১ সালের ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের তৎকালীন ছাত্র আবদুল কাদেরকে খিলগাঁও থানায় নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন হেলাল উদ্দিন। এই অভিযোগে তাঁকে একমাত্র আসামি করে মামলা করেন আবদুল কাদের। ১৭ মে ওই মামলায় হেলালকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাস কারাদেণ্ডর কথা রায়ে উল্লেখ করা হয়।
মামলাটি হওয়ার পর হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।