দণ্ডপ্রাপ্তরা ভোটার হওয়ার অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার অযোগ্য ঘোষণা করে গতকাল রোববার ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন।

বিলটি আইনে পরিণত হলে দালাল আইনে সাজা পাওয়া যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা ভোটার হওয়ার যোগ্য হবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

এদিকে বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদের পাঠানো চিঠি পড়ে শোনান।

১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রাম-২ আসনের সাংসদ সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দেন। ৩ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ বিষয়ে অবহিত করে স্পিকারকে চিঠি দেন।