দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতার স্ত্রীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের আমলে সিলেটে অবৈধভাবে সম্পদ উপার্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায়ে দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন।রায় ঘোষণার প্রায় আড়াই বছর পর গতকাল সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে শ্যামা আত্মসমর্পণ করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।আদালত সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের আমলে নগর বিএনপির সভাপতির দায়িত্বে থাকা আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুদক অবৈধ সম্পদ উপার্জনের অভিযোগে মামলা করে। জরুরি অবস্থার ওই সময় প্রথম পর্যায়ে দুদক ঘোষিত দেশের শীর্ষ ৫০ দুর্নীতিবাজের তালিকার মধ্যে আরিফুল হক চৌধুরীও ছিলেন। জোট সরকারের আমলে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হওয়ায় প্রভাবশালী আরিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি আরিফ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেও স্ত্রী শ্যামা হক চৌধুরী পলাতক ছিলেন।দুদক আইনের পৃথক দুটি ধারায় দায়ের করা ওই মামলার সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩ জুন সিলেটের জেলা ও দায়রা জজ আদালত থেকে রায় ঘোষণা করা হয়। রায়ে অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে আরিফের ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়। তখন পলাতক থাকা তাঁর স্ত্রী শ্যামা হক চৌধুরীরও তিন বছর কারাদণ্ড দেন আদালত। উচ্চ আদালতে আপিল করে আরিফ বর্তমানে জামিনে মুক্ত থাকলেও স্ত্রী শ্যামা হক চৌধুরী দীর্ঘ প্রায় ৩২ মাস পলাতক ছিলেন।পলাতক অবস্থায় আইনজীবীদের পরামর্শে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে শ্যামা হক চৌধুরী আত্মসমর্পণ করেন। তাঁর পক্ষে নিযুক্ত আইনজীবী শ্যামার শারীরিক অসুস্থতা দেখিয়ে জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান জামিন নামঞ্জুর করে শ্যামা হক চৌধুরীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।