একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। গতকাল রোববার তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন।
মীর কাসেমের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ১৮১টি যুক্তিতে আপিল করা হয়েছে। ১৫০ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। আপিলে মীর কাসেমের দণ্ড বাতিল ও তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনাল মীর কাসেমকে সর্বোচ্চ সাজার রায় দিয়েছেন। আসামির আপিলের বিপক্ষে সংক্ষিপ্তসার দাখিল করে আমরা যুক্তিতর্কে অংশ নেব।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তিনি ১৯৭১ সালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্ব ও নির্দেশনায় মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে স্থাপিত হয় কুখ্যাত আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র।
রায়ে মীর কাসেমকে মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে নির্যাতন করে হত্যার অভিযোগে (১১ নম্বর) মৃত্যুদণ্ডাদেশ এবং মুক্তিযুদ্ধের শেষ দিকে ডালিম হোটেলে নির্যাতনের পর রঞ্জিত দাস ও টুন্টু সেনকে হত্যার অভিযোগে (১২ নম্বর) মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে গঠন করা ১৪টি অভিযোগের মধ্যে আরও আটটি (২, ৩, ৪, ৬, ৭, ৯, ১০ ও ১৪ নম্বর) সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। নির্যাতনের এসব অভিযোগে মীর কাসেমকে নানা মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এর মধ্যে ছয়টি অভিযোগে সাত বছর করে, একটিতে ২০ বছর ও অপর অভিযোগে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। চারটি অভিযোগ (১, ৫, ৮ ও ১৩ নম্বর) প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে এ পর্যন্ত চারজনের ক্ষেত্রে করা আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১২ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর হয়। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ নভেম্বর রায় দেন আপিল বিভাগ।
ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন।
ট্রাইব্যুনাল-২ গত বছরের ৯ অক্টোবর আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমকে। তিনি মারা যাওয়ায় ১৯ সেপ্টেম্বর তাঁর আপিল অকার্যকর বলে খারিজ করেন আপিল বিভাগ।
দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানির অপেক্ষায়। তবে কিছুদিন আগে গোলাম আযম মারা গেছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল-১ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী।