একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। গতকাল রোববার তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন।
আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করে নিজামীর আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে। ১২১ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ছয় হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। আপিলে নিজামীর দণ্ড বাতিল চেয়ে খালাসের আরজি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজার যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। আসামির আপিলের বিপক্ষে সংক্ষিপ্তসার দাখিল করে আমরা যুক্তিতর্কে অংশ নেব।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই অভিযোগগুলোর মধ্যে ছিল হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও বিতাড়নের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার জন্য চালানো হত্যাকাণ্ড। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে এ পর্যন্ত চারজনের করা আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে আপিল নিষ্পত্তি শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১২ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর হয়। দলটির অপর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ নভেম্বর রায় দেন আপিল বিভাগ। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীম মারা যাওয়ায় ১৯ সেপ্টেম্বর তাঁর আপিল অকার্যকর বলে খারিজ করেন আপিল বিভাগ।
দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা আপিল শুনানির অপেক্ষায়। তাঁদের মধ্যে গোলাম আযম কিছুদিন আগে মারা গেছেন।