দণ্ডাদেশের বিরুদ্ধে মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা আপিল শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে গত বছরের ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ।
আদালতে আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তাজুল ইসলাম ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের ২৫ দিনের মাথায় আসামিপক্ষ আপিল করে। আপিলে মুজাহিদকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের আরজি রয়েছে। রাষ্ট্রপক্ষ আপিল করেনি।
মুজাহিদের বিরুদ্ধে গঠন করা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তবে ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করে ফেলায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি।