দণ্ডাদেশের বিরুদ্ধে মোবারকের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক স্থানীয় নেতা মো. মোবারক হোসেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন। তাঁর আইনজীবী গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন।
আপিল দায়েরের পর মোবারক হোসেনের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিলে মোবারকের দণ্ডাদেশ বাতিল চেয়ে এবং তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে। ৮২ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ৮৬২ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৭৭টি যুক্তি তুলে ধরা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৪ নভেম্বর আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে ১ নম্বর অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই অভিযোগে বলা হয়, একাত্তরের ২২ আগস্ট মোবারক ও অন্য রাজাকাররা আখাউড়া থানার টানমান্দাইল গ্রামের ২৬ জন ও জাঙ্গাইল গ্রামের সাতজনকে বাছাই করে তেরোঝুড়ি হাজতখানায় নিয়ে যান। পরদিন পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই ৩৩ জনকে গঙ্গাসাগর দিঘির পশ্চিম পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। ৩ নম্বর অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ২, ৪ ও ৫ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে মোবারককে খালাস দেওয়া হয়।