তারাপুর চা-বাগানের জমি আত্মসাতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় দণ্ডিত শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। তাই তাঁরা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
আইনজীবী সূত্র বলেছে, বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁদের করা আপিল বিচারাধীন। এই আপিল বিচারাধীন থাকায় জামিন চেয়ে আবেদন করা হয়। হাইকোর্টের অবকাশকালীন একটি দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে ২৯ আগস্ট রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গতকাল শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। পরে তিনি প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল সিলেট মহানগর দায়রা আদালতে শুনানির অপেক্ষায়। এই অবস্থায় তাঁরা হাইকোর্ট থেকে জামিন নেন। তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতে জালিয়াতির মামলায় দণ্ডিত রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
দেবোত্তর ওই সম্পত্তি আত্মসাতের জন্য জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ সৃজনের অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন সহকারী কমিশনার (ভূমি)। এই মামলায় ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রায় দেন।