দণ্ডিতদের আপিল নিষ্পত্তির জন্য পৃথক বেঞ্চের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের আপিল নিষ্পত্তির জন্য আপিল বিভাগে একটি পৃথক বেঞ্চ গঠনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির দাবি, আপিল বিভাগের ওই বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসে আপিল নিষ্পত্তি করবেন। তাহলে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।
‘যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির চক্র নিষিদ্ধকরণের আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভায় গতকাল সোমবার নির্মূল কমিটি এ দাবি জানায়। সংগঠনটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সূচনা বক্তব্যে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা আছে। যদি আপিল বিভাগের আলাদা বেঞ্চ ট্রাইব্যুনালে বসে এসব মামলা নিষ্পত্তি করেন, তাহলে এগুলো দ্রুত নিষ্পত্তি হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এ নজির আছে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমাদের দাবি জানাতে হচ্ছে। একটি পরাজিত সহযোগী বাহিনী হিসেবে জামায়াত আত্মসমর্পণের মুহূর্ত থেকে নিষিদ্ধ হওয়া উচিত।’
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, উর্দি খুলে আসুন বলে বিএনপি-জামায়াতের বক্তব্য প্রকাশ্যে গৃহযুদ্ধের ডাক। উর্দিওয়ালাদের দিয়েই তাদের দমন করতে হবে।
বিএনপি ও জামায়াতের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনের আহ্বায়ক মুনতাসীর মামুন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ আশা করেন, সংসদের চলতি অধিবেশনেই হয়তো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনী পাস হবে। তাহলেই অপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিরুদ্ধে মামলার কাজ আবার শুরু করা যাবে।
সভায় আরও বক্তব্য দেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সাংসদ আমেনা আহমেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম।