রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিমলা দিঘীপাড়ার বিধবা আদিবাসী নারী মরিয়ম মুরমুকে (৫৫) ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিত আসামিদের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ওই গ্রামের গির্জায় এ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনাসভা শেষে উইলসন মারান্ডী ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমার মায়ের আত্মা তখনই শান্তি পাবে, যখন এই নরপশুদের বিচারের রায় কার্যকর করা হবে।’ প্রার্থনাসভা শেষে গ্রামের সমাধিস্থলে মরিয়ম মুরমুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মোমবাতি প্রজ্বালন করা হয়।
২০১১ সালের ৯ জুলাই দিবাগত রাতে মরিয়ম মুরমুর বাড়িতে ঢোকে দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা লুটে নিয়ে মরিয়মকে বাড়ির বাইরে নিয়ে যায় তারা। তাঁকে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করে। পরে বিবস্ত্র অবস্থায় বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা। লোমহর্ষক ঘটনাটি এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এ ঘটনায় নিহত নারীর ছেলে উইলসন মারান্ডী বাদী হয়ে ওই গ্রামেরই আন্দ্রিয়াস মুরমু, যোহন মারান্ডী, শওকত ইকবাল ও ওমর কিস্কুকে আসামি করে মামলা করা হয়। ২০১২ সালের ১৬ মে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত প্রথমোক্ত তিনজনের বিরুদ্ধে ফাঁসির রায় দেন।