মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না। দণ্ডিত ব্যক্তিদের নাম তালিকায় বহাল রেখেই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আবার ১৯৭২ সালের দালাল আইনে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিলেও সেই উদ্যোগ এখন থেমে আছে।
ভোটার তালিকা আইন অনুযায়ী, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে দণ্ডিতরা ভোটার হওয়ার অযোগ্য। সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের দালাল আইনে (যোগসাজশকারী বিশেষ আইন) দণ্ডিতরাও ভোটার হওয়ার অযোগ্য।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলতি বছর নয়টি মামলায় ১০ জনকে দণ্ডিত করেছেন। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদ, মুক্তিযুদ্ধকালে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান পলাতক অবস্থায় আছেন। তাঁরা রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করেননি। দণ্ডিত বাকিরা হলেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীম। এই সাত নেতা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, দণ্ডিত ব্যক্তিদের মধ্যে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান ছাড়া বাকি সবাই ভোটার। কিন্তু নির্বাচন কমিশন এখনো তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। ভোটার তালিকায় নাম বহাল থাকলে নির্বাচনী আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তবে নির্বাচনের আগেই আপিল বিভাগ কোনো মামলা নিষ্পত্তি করে ট্রাইব্যুনালের রায় বহাল রাখলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী প্রথম আলোকে বলেন, ভোটার তালিকা আইনে দণ্ডিত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, তাই বাদ দিতে হবে। তবে দণ্ডের কপি কমিশনকে হাতে পেতে হবে। এ ছাড়া দণ্ডিত ব্যক্তিদের আপিল করারও বিষয় আছে।
এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ট্রাইব্যুনালের রায় স্থগিত না করলে বিদ্যমান রায় বহাল আছে বলে বিবেচিত হবে। সে ক্ষেত্রে ভোটার তালিকা থেকে দণ্ডিতদের নাম বাদ দিতে হবে। পরে আপিল বিভাগ যদি ভিন্ন রকম রায় দেন, সে ক্ষেত্রে নতুন করে দণ্ডিত বা দণ্ডিতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
দালাল আইনে যুদ্ধাপরাধীদের ভোটার অযোগ্য করা-সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসে ১৫তম সংশোধনীর মাধ্যমে। যে কারণেই এই আইনের অধীনে সাজা পাওয়া ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র থেকে প্রকাশিত একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় শীর্ষক বইতে বলা হয়েছে, ১৯৭৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত দালাল অধ্যাদেশে অভিযুক্ত মোট ৩৭ হাজার ৪৭১ জনের মধ্যে দুই হাজার ৮৪৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছিল। দণ্ডপ্রাপ্ত হন ৭৫২ জন।
কমিশন সচিবালয় সূত্র জানায়, দালাল আইনে দণ্ডিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দণ্ডিত ব্যক্তিদের তালিকা চেয়ে চিঠি পাঠায়। মন্ত্রণালয় মোট ৪৭ জনের তালিকা পাঠায়। কিন্তু তাতে দণ্ডিত ব্যক্তিদের সম্পর্কে দেওয়া তথ্য অসম্পূর্ণ। কমিশন দণ্ডিত ব্যক্তিদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য চেয়ে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। মন্ত্রণালয় এখনো সেই চিঠির কোনো জবাব দেয়নি।
সূত্র জানায়, কমিশন দণ্ডিত ব্যক্তিদের কারও নাম তালিকায় থাকলে তা বাদ দেওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের পাঠানো ৪৭ জনের তালিকা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠায়। কিন্তু নিবন্ধন অনুবিভাগ বিদ্যমান ভোটার তালিকায় ৪৭ জনের একজনকেও খুঁজে পায়নি। নামের অমিলসহ নানা ধরনের গরমিল থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।