দণ্ডের অর্থ দিলেও রিভিউ আবেদন করবেন দুই মন্ত্রী
আদালত অবমাননার দায়ে আপিল বিভাগে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রী রায় পুনর্বিবেচনার আবেদন করতে যাচ্ছেন। এর আগে গত বৃহস্পতিবার তাঁরা অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, অর্থদণ্ড পরিশোধের রসিদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা পড়েছে।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তিনি রিভিউ আবেদন করবেন। এরপর আদালত যা সিদ্ধান্ত দেবেন, তাই তিনি মেনে নেবেন। মন্ত্রিত্ব থাকবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যতটুকু জানি, আইনে এমন কোনো বাধা নেই।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি খাদ্যমন্ত্রী।
আদালত অবমাননার দায়ে গত ২৭ মার্চ এই দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ। দুই মন্ত্রীকে সাত দিনের মধ্যে ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন বাংলাদেশে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মন্ত্রীর আইনজীবী বুধবার সংক্ষিপ্ত আদেশের কপি হাতে পেয়েছেন। আদালতের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ২৫ হাজার টাকা লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে ডোনেশন হিসেবে জমা দেওয়া হয়। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পর্যালোচনা করে রিভিউ করা হবে।
রিভিউয়ের পরের ধাপ কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, আবেদন গ্রহণ করা হলে শুনানি হবে, শুনানির পরই নির্ধারিত হবে পরের ধাপ।
এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, আইনে মন্ত্রিত্ব বাতিলের কোনো বিধান নেই। তবে বাংলাদেশের সংবিধানের ৬৬(২)ঘ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে কেউ সাজা পেলে তিনি সংসদ সদস্য থাকার যোগ্যতা হারান।