দত্তক নিতে চট্টগ্রাম আদালতে নয়টি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতককে দত্তক নিয়ে লালন-পালনের জন্য আদালতে নয়টি আবেদন জমা পড়েছে। গতকাল রোববার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ (মহানগর শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌসের আদালতে আবেদনগুলো জমা পড়ে।
মহানগর শিশু আদালতের সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, নবজাতককে নিতে আবেদন করা ব্যক্তিদের মধ্যে স্কুলশিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সরকারি কর্মকর্তা রয়েছেন। তাঁদের কেউ কেউ নিঃসন্তান। আবার কারও মেয়েসন্তান থাকলেও ছেলেসন্তান লালন-পালনের জন্য আবেদন করেছেন। আদালত আবেদনগুলো নথিভুক্ত করে রাখার আদেশ দিয়েছেন। শিশুটি পুরোপুরি সুস্থ হওয়ার পর শুনানি করে এ বিষয়ে আদেশ দেবেন।
ওই নবজাতকের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
২০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকার একটি ভবনের পেছনের ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চার তরুণ। উদ্ধারকারীদের একজন সাব্বিরুল আলভী। তিনি জানান, সেদিন রাত ১০টার দিকে একটি দোকানে বসে তাঁরা কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এ সময় শিশুর কান্নার শব্দ শুনতে পান তাঁরা। এরপর খুঁজতে খুঁজতে ময়লার স্তূপে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তখন শিশুটির গায়ে রক্ত লেগে ছিল। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি আকবর শাহ থানায় জানান। শিশুটির নাম রাখা হয়েছে একুশ।
পুলিশের পক্ষ থেকে নিয়মিত হাসপাতালে নবজাতকটির দেখাশোনা করা হচ্ছে বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ।