দত্তপাড়া ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, সহযোগী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেনের বাড়িতে বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করে। পরে চেয়ারম্যানের সহযোগী আবু তাহেরকে খুন করে। এ সময় একজন আহত হন।সরেজমিনে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চেয়ারম্যান নূর হোসেনের প্রতিপক্ষ এবং একই এলাকার ইসমাইল মোল্লা ও আজিজুর রহমান গ্রুপের ১০-১২ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যানের সহযোগী আবু তাহেরের ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ সময় তাহেরের অপর সহযোগী মো. সুমনকে আহত করে। তাঁকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। নিহত তাহের লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর পাটোয়ারী বাড়ির ফজল করিমের ছেলে। দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন জানান, দীর্ঘদিন থেকে একই এলাকার ইসমাইল মোল্লা ও মো. আজিজ তাঁর বাড়িতে ঢুকে একাধিকবার হামলা ও গুলিবর্ষণ করে তাঁকে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া গত সপ্তাহে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাঁর এ প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাঁকে হত্যার জন্য এলোপাতাড়ি গুলি ছোড়ে। লক্ষ্মীপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার জানান, দত্তপাড়া একটি খুনের ঘটনা ঘটেছে।