দত্তপাড়ায় দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গত সোমবার দিবাগত রাতে একজন গৃহবধূ ও গতকাল বুধবার সকালে পোশাকশ্রমিক একজন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারের ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও গতকালের ঘটনায় হত্যা মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, টঙ্গীর দত্তপাড়ার বনমালা এলাকার আবদুর রশিদের ঘরে ভাড়া থাকতেন আবদুল আলী ও তাঁর স্ত্রী ইরানি বেগম (১৮)। ইরানি টঙ্গীর মেঘনা রোডের মা টাওয়ারে এমট্রানেট গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে তাঁদের পাশের ঘরের ভাড়াটে দেখতে পান, ঘরের জানালার সঙ্গে ইরানির ওড়না পেঁচানো মৃতদেহ। তাঁরা ওই ভাড়াটে বাড়ির মালিক আবদুর রশিদকে খবর দেন। রশিদ ইরানির স্বামী আবদুল আলীকে আটক করে খবর দেন পুলিশকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর মর্গে পাঠায়। গ্রেপ্তার করে আবদুল আলীকে। ইরানি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের ইনতাজ হোসেনের মেয়ে। ইরানির ভাই মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর বোন আড়াই মাস আগে গ্রামের বাড়িতে চলে যান। তখন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু তাঁদের না জানিয়ে ইরানিকে নিয়ে টঙ্গী চলে আসেন আবদুল আলী। বেলাল অভিযোগ করেন, তাঁর বোনকে হত্যার পর ওড়না দিয়ে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখেন ভগ্নিপতি আবদুল আলী।বাড়ির মালিক আবদুর রশীদ বলেন, ‘ঘুমানোর খাট থেকে জানালাটির উচ্চতা তিন ফুট। পাঁচ ফুট উচ্চতার একজন মানুষ ওই জানালার সঙ্গে ঝোলেন কীভাবে?’ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ইরানির মৃত্যুর ঘটনায় তাঁর বড় ভাই আবদুল কাদির ভগ্নিপতি আবদুল আলীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আবদুল আলীকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দত্তপাড়ার আলম মার্কেট এলাকার বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সাজেদা আক্তার (৩০)। ঘটনার পর পর তাঁর স্বামী মো. মোস্তফা ও আশপাশের লোকজন সাজেদাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শামসুন্নাহার বেগম তাঁকে মৃত ঘোষণা করেন। মোস্তফা সাংবাদিকদের বলেন, তিনি স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা জমা রেখেছিলেন। কিন্তু স্ত্রী টাকার পুরো হিসাব দিতে না পারায় সোমবার রাতে তিনি একটু বকাঝকা করেছিলেন। এই অভিমানে তাঁর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।মঙ্গলবার গাজীপুর সদর মর্গে সাজেদার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. শফিকুর রহমান বলেন, সাজেদার মৃত্যুর ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।