দনিয়া কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দনিয়া কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের লাঠিপেটা ও পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শী ও যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সাপ্তাহিক পরীক্ষার ফি বাতিলের দাবিতে দনিয়া কলেজের কয়েক শ শিক্ষার্থী বেলা সাড়ে ১১টার দিকে কলেজে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কলেজের সামনে শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। তাঁরা কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় যাত্রাবাড়ী থানার পুলিশ তাঁদের লাঠিপেটা করে। শিক্ষার্থীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা এ সময় দুটি বাসসহ পাঁচটি যান ভাঙচুর করেন। তাঁরা রাস্তায় টায়ারে আগুন দেন এবং পুলিশের পরিদর্শক অবনী শংকর করের অপসারণ দাবি করেন। পুলিশের একটি পিকআপের কাচও ভাঙচুর করা হয়। এ সময় ইটের আঘাতে পুলিশের এক সদস্য সামান্য আহত হন। পুলিশ এক শিক্ষার্থীকে আটক করে। শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে উঠলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।বেলা সোয়া দুইটা পর্যন্ত এ অবস্থা চলায় মহাসড়কের দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ কর্তৃপক্ষ সাপ্তাহিক পরীক্ষার ফি স্থগিত ঘোষণা করলে শিক্ষার্থীরা কলেজে ফিরে যান। এর পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁরা প্রথম বর্ষের সাপ্তাহিক পরীক্ষার দুই হাজার টাকা ও দ্বিতীয় বর্ষের দেড় হাজার টাকার ফি বাতিলের দাবিতে কলেজে বিক্ষোভ করেন। কিন্তু অধ্যক্ষ তাঁদের বহিষ্কারের ভয় দেখালে তাঁরা মহাসড়কে যান। এ সময় পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থী আহত হলে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে কয়েকটি যান ভাঙচুর করলেও পুলিশ তাঁদের লাঠিপেটা করেনি।দনিয়া কলেজের অধ্যক্ষ এম এস হোসেইন রানা বলেন, পরিচালনা পর্ষদ ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের মেধা বিকাশে ১৭ সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক পরীক্ষা-পদ্ধতি চালু করা হয়। বাইরের কোচিং থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ জন্য ফি নির্ধারণ করা হয়। কিন্তু শিক্ষার্থীরা ফি বাতিলের দাবিতে রাস্তায় নামে। তিনি সাপ্তাহিক পরীক্ষা স্থগিত করলে তাঁরা ক্যাম্পাসে ফিরে আসেন।