রাজধানীর পূর্ব দোলাইরপাড়ের দনিয়া সড়কে প্রায় তিন মাস ধরে পানি জমে আছে। সড়কের মাঝখানে ইটপাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি)।
দনিয়া সড়ক-সংলগ্ন কুতুবখালী খালে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে। খালের ওপর বাঁশের খুঁটি পুঁতে তৈরি করা হয়েছে শতাধিক অবৈধ দোকানপাট। ফলে খালের পানি উপচে সড়কে এসে আটকে গিয়ে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাটি ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
এদিকে দনিয়া সড়কের জলাবদ্ধতা নিরসন ও সংস্কার করা নিয়ে পরস্পরের ওপর দায় চাপাচ্ছেন জাতীয় সংসদের ঢাকা-৪ আসনের সাংসদ ও ঢাকা-৫ আসনের সাংসদ। গতকাল শনিবার মুঠোফোনে ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘দনিয়া সড়কটি ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লার সংসদীয় সীমানায় পড়েছে। তাই সড়কের জলাবদ্ধতা নিরসন করা তাঁর দায়িত্ব।’ অন্যদিকে হাবিবুর রহমান মোল্লা বলেছেন, দনিয়া সড়কের জলাবদ্ধতার অংশটুকু ঢাকা-৪ আসনের মধ্যে পড়েছে।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে দনিয়া সড়কের দোলাইরপাড় ওয়াসার পানির পাম্প (জোন-৭) পর্যন্ত কুতুবখালী খালের ময়লা পানিতে সড়কে সয়লাব। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে। তাতে চাকা পড়ায় আটকে আছে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা। ইঞ্জিনে পানি ঢুকে সড়কে বন্ধ হয়ে আছে আরেকটি অটোরিকশা, যার নম্বর ঢাকা মেট্রো-থ-১২৮১৫৩। সড়কে প্রায় হাঁটুপানি থাকায় কোনো পথচারীকে চলাচল করতে দেখা যায়নি। সবাই রিকশাসহ অন্যান্য যানবাহনে যাতায়াত করছেন। ক্রেতা না থাকায় আশপাশের দোকানপাটের দোকানিরা অলস সময় কাটাচ্ছেন।
এ ছাড়া সড়ক-সংলগ্ন কুতুবখালী খালের ওপর বাঁশ পুঁতে তৈরি করা হয়েছে শতাধিক দোকানপাট। এসব দোকানের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে খালের ভেতর। ফলে পুরো খালটি আবর্জনায় ভরে আছে। পানিতে পোকামাকড় ছড়িয়ে আছে।
দনিয়া সড়কের আরাফ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মনির আহমেদ বলেন, এই খালের পানিপ্রবাহের পথ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন) কুতুবখালী এলাকায়। কিন্তু খালটি আবর্জনায় ভরে যাওয়ায় এখন পানি সরতে পারে না। ডিএসসিসি কর্তৃপক্ষও খালটি পরিষ্কার করছে না। বৃষ্টি হলে সড়কের পানির পরিমাণ আরও বেড়ে যায়। রিকশা উল্টে যাওয়ার আশঙ্কায় চালকেরা এই পথে যেতে চান না। ফলে রিকশা ভাড়া বেশি দিতে হয়।
একাই সড়কের ওষুধের দোকান প্রেসক্রিপশন জোনের বিক্রেতা মাহমুদুল হাসান বলেন, জলাবদ্ধতার কারণে প্রায় তিন মাস ধরে তেমন বেচাকেনা নেই। পানি মাড়িয়ে কেউ এদিকে আসতে চায় না। খালটি পরিষ্কার করলে এ জলাবদ্ধতা হবে না।
দোলাইরপাড়ের স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক বছর আগে এই কুতুবখালী খালের উত্তর পাশের সড়কটি সংস্কার করেছে ডিএসসিসি। তখন সড়ক রক্ষায় খালের উত্তর পাড়ের বিভিন্ন স্থানে পাইলিং করে একটি দেয়াল নির্মাণ করা হয়। পাইলিংয়ের সময় অধিকাংশ মাটি খালের ভেতর ফেলা হয়। একইভাবে গত চার মাস আগে কুতুবখালী মাদ্রাসার পাশে খালের পাড়ে একটি দেয়াল নির্মাণের সময় মাটিগুলো খালে ফেলা হয়। এতে আবর্জনায় ভরা খালটিতে ক্রমান্বয়ে পানিপ্রবাহ কমতে শুরু করে। এ ছাড়া বাসাবাড়ির বর্জ্য অনেক বাসিন্দা খালে ফেলছেন।
জানতে চাইলে ডিএসসিসির ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, দনিয়া সড়কের জলাবদ্ধতা ও সড়ক সংস্কার করতে গতকাল শনিবার ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের কাছে একটি আবেদন করা হয়েছে। তিনি ডিএসসিসির সংশ্লিষ্ট প্রকৌশলীকে এ সমস্যা সমাধানে নির্দেশ দিয়েছেন।