দনিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দনিয়ায় পদচারী-সেতু নির্মাণের দাবিতে গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে দনিয়া কলেজের শিক্ষার্থীরা। এতে এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা পদচারী-সেতুর দাবিতে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করে। ১০টার দিকে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে চার শতাধিক শিক্ষার্থী। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুলিস্তান থেকে দনিয়া এবং দনিয়া থেকে কাঁচপুর সেতু পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ এ সময় পথ চলতি মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। অনেকে যানবাহন না পেয়ে হেঁটে রওনা দেন। বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় তারা৷ পরে যান চলাচল স্বাভাবিক হয়।

দনিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম চৌধুরী বলেন, ‘পদচারী-সেতু নির্মাণের দাবিতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণস্বাক্ষর নিয়েছি। স্থানীয় সাংসদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আবেদন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। দনিয়ায় সড়ক পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’
দনিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরেই কলেজের সামনে একটি পদচারী-সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। অথচ সড়কে সপ্তাহে গড়ে একটি করে দুর্ঘটনা ঘটছে। তাদের এই দাবির সঙ্গে শিক্ষকেরাও একমত।
দনিয়া কলেজের অধ্যক্ষ সাহাদাত হুসাইন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের এই দাবি নিয়ে আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি আবেদন দেওয়া হবে। তিনি বলেন, আমি আশা করি মন্ত্রণালয় আমাদের কথা বিবেচনা করে একটি পদচারী–সেতু করবে।