দনিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুসহ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন আবদুল লতিফ (৬০), অন্যজন একটি শিশু। শিশুটির পরিচয় মেলেনি।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর শনির আখড়ার দনিয়া কলেজের সামনে নারায়ণগঞ্জের তারাবগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢালে উল্টে যায়। এতে বৃদ্ধ আবদুল লতিফ ও অজ্ঞাতপরিচয় এক শিশু আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ লতিফকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে।