চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালনাধীন জেনারেল হাসপাতালে দন্ত বহির্বিভাগ চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার এর উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মেয়র আ জ ম নাছির বলেন, নগরবাসীর মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য দিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবা দিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। যা দেশে বিদ্যমান সিটি করপোরেশনের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত। মানসম্মত অনুকূল পরিবেশে উন্নত স্বাস্থ্যসেবা দিতে যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করেছে করপোরেশন।
সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, সিটি করপোরেশনের স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভিন ও নিলু নাগ।
সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য ছয়দিন সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হবে।