দন্ত রোগীরা চিকিৎসা পাচ্ছে না চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় চার বছর ধরে দন্ত রোগীরা চিকিৎসা পাচ্ছে না। দন্ত চিকিৎসার জন্য আনা একটি ডেন্টাল ইউনিট চালু না করেই ঠিকাদার পালিয়ে যাওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা নিতে আসা উপজেলার কালেরপাড়া গ্রামের হাসনা খাতুন বলেন, ‘দুদিন ধইরা এহেনে ঘুরতাছি। দাঁতের ব্যথা ভাল করবার লাইগা। কিন্তু এহেনে ভাল কোন চিকিৎসার ব্যবস্থা নাই। টেহা পয়সা না থাকায় ভাল কোনহানে চিকিৎসা নিতে পারছি না।’ দন্ত বিভাগের টেকনিশিয়ান সোহেল রানা বলেন, ‘দন্ত বিভাগের ডেন্টাল ইউনিটটি চালু করতে না পারায় চার বছর ধরে রোগীদের চিকিৎসা দিতে পারছি না।’ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকার সিএমএসডি কেন্দ্রীয় ঔষধালয় তেজগাঁ থেকে ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর প্রায় তিন লাখ টাকা মূল্যের একটি ডেন্টাল ইউনিট এ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া হয়। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেডিডেন্ট কোম্পানি এই ডেন্টাল ইউনিটটি সরবরাহ করে। চুক্তি অনুযায়ী কোম্পানির লোকজন ইউনিটটি দন্ত বিভাগে স্থাপন করে চালু করে দেওয়ার কথা। কিন্তু তারা চালু করতে ব্যর্থ হয়ে কাউকে না বলে পালিয়ে যায়। ওই দিন থেকে ডেন্টাল ইউনিটটি বন্ধ অবস্থায় পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠান ডেন্টাল ইউনিটটি জমা দিয়ে চালু করার চেষ্টা করে। কিন্তু তারা চালু করতে না পেরে গোপনে পালিয়ে যায়। ওই দিন থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ধরতে পারছি না। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’বগুড়ার সিভিল সার্জন আবদুল হক বলেন, ‘ওই ডেন্টাল ইউনিটটি চালু করার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে আমি অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।’