দপ্তর গাইবান্ধায়, নিয়ন্ত্রণ রংপুরে সেবাগ্রহীতাদের ভোগান্তি
প্রশাসনিক দপ্তর গাইবান্ধায়৷ কিন্তু কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে রংপুর থেকে। এ রকম ১০টি দপ্তরের সেবা নিতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন সেবাগ্রহীতারা। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও বিপাকে পড়ছেন। এদিকে জেলায় উন্নীত হলেও গাইবান্ধায় এসব দপ্তরের পূর্ণাঙ্গ কার্যালয় গড়ে ওঠেনি।
গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, ১৯৮৪ সালে গাইবান্ধা মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। কিন্তু ৩০ বছরেও এখানে পূর্ণাঙ্গ দপ্তর গড়ে ওঠেনি। এর কারণ রাজনৈতিক বৈষম্য ও আমলাতান্ত্রিক জটিলতা।
জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমানে জেলার ১০টি দপ্তর স্বয়ংসম্পূর্ণ নয়। যেকোনো কার্যক্রম সম্পাদনের জন্য ওই সব দপ্তরের কর্মকর্তাদের ৭০ কিলোমিটার দূরে রংপুরে স্থাপিত কার্যালয়ের ওপর নির্ভর করতে হয়। এগুলো হলো বিটিসিএল, পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি গণগ্রন্থাগার, দুর্নীতি দমন কমিশন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সামাজিক বন বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং ঔষধ প্রশাসন।
বিটিসিএল: গাইবান্ধা শহরের বাংলা বাজার এলাকায় বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দপ্তর রয়েছে। শহরের থানাপাড়ার কলেজশিক্ষক হারুন অর রশিদ বলেন, টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ নিতে গেলে বিটিসিএল রংপুর অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী বরাবর আবেদন করতে হয়। সংযোগ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি: সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ-এ দুই উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, বিল ও সংযোগসংক্রান্ত কাজে রংপুর যেতে হয়।
সরকারি গণগ্রন্থাগার: ১৯৮২ সালে গাইবান্ধা শহরের কলেজ রোডে স্থাপিত সরকারি গণগ্রন্থাগারে প্রতিদিন পাঁচ শতাধিক পাঠক বইপুস্তক ও বিভিন্ন পত্রিকা পড়েন। কিন্তু লোকবল মাত্র দুজন। লাইব্রেরি সহকারী উত্তম কুমার বলেন, এখানে লাইব্রেরিয়ান পদ সৃষ্টি করা হলেও লোক নিয়োগ হয়নি। এ কারণে রংপুর সরকারি গণগ্রন্থাগারের প্রধান লাইব্রেরিয়ানের কাছ থেকে বেতন-ভাতাসহ পত্রিকা ক্রয়ের বিল পাস করে আনতে হয়।
দুর্নীতি দমন কমিশন: গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় দুর্নীতি দমন কমিশনের একটি দপ্তর ছিল। এখানে কমিশনের একজন সহকারী পরিচালক দায়িত্বে ছিলেন। কিন্তু চার বছর আগে দপ্তরটি রংপুরে গুটিয়ে নেওয়া হয়। ফলে কোনো অভিযোগ দায়ের করতে গেলে রংপুর দুদক কার্যালয়ের মাধ্যমে করতে হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশল: জেলার একটি হাসপাতাল, ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২৩৬টি কমিউনিটি ক্লিনিক ও ৮২টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় ৩৬০টি ভবন সংস্কারের দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এ জন্য ২০০০ সালে গাইবান্ধায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর দপ্তর স্থাপিত হয়। কিন্তু এখানে লোকবল বলতে একজন অফিস সহকারী। তবে রংপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলীকে এখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনি মাঝেমধ্যে রংপুর থেকে এসে সংস্কারকাজের তদারকি করছেন। গাইবান্ধা শহরের ঠিকাদার মুনছুর রহমান বলেন, গাইবান্ধায় কাজ করছি, কিন্তু কাগজপত্রে স্বাক্ষর নিতে রংপুর যেতে হচ্ছে।
শিক্ষা প্রকৌশল: জেলায় সহস্রাধিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার আবাসিক-অনাবাসিক প্রায় দেড় হাজার ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। গাইবান্ধা শিক্ষা প্রকৌশল বিভাগের দপ্তরে একজন সহকারী প্রকৌশলী ও একজন অফিস সহকারী রয়েছেন। কিন্তু কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। গাইবান্ধার সহকারী প্রকৌশলী জাহিদুল বারী বলেন, বর্তমানে জেলায় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ চলছে। অনেক সময় তদারকি ফেলেই প্রশাসনিক কাজে রংপুর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যেতে হয়।
একই অবস্থা সামাজিক বন বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং ঔষধ প্রশাসন দপ্তরেরও৷