ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলার ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এদিকে তারাকান্দা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ওই পদে নিয়োগ কেন ফুলপুর উপজেলা প্রশাসন দিচ্ছে—এ বিষয়ে গত ৯ মার্চ ফুলপুর সহকারী জজ আদালত ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) বলেছেন। তারাকান্দা উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেখ আলাউদ্দিনের মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশ দেন। শেখ আলাউদ্দিন বলেন, ‘নিয়োগ বিধিসম্মত হয়নি, তাই মামলা করেছি।’
নিয়োগের পরিপত্র অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে সভাপতি, প্রধান শিক্ষককে সদস্যসচিব এবং সংশ্লিষ্ট এলাকার (ক্লাস্টার) সহকারী শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে মোট তিন সদস্যের নিয়োগ কমিটি গঠন হওয়ার কথা।
কিন্তু ফুলপুরের ১০-১৫টি প্রাথমিক বিদ্যালয় বাদে আর কোনো বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি সময়মতো গঠন করা হয়নি। বিদ্যালয়গুলোতে এখন অস্থায়ী (এডহক) কমিটি দিয়ে কাজ চলছে। এডহক কমিটি ওই পদে নিয়োগ দিতে পারবে কি না, সে ব্যাপারে পরিপত্রে কিছু লেখা নেই। কিন্তু ফুলপুরে দপ্তরি নিয়োগ দিচ্ছে এডহক কমিটি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলপুর ও তারাকান্দা উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৪টিতে দপ্তরি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। প্রতিটি পদের বিপরীতে তিন থেকে সাতজন প্রার্থী আবেদন করেন। গত মার্চের ৯ থেকে ১৪ তারিখ পর্যন্ত উপজেলা শিক্ষা কার্যালয়ে এসব বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা হয়। ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় প্রতিটি পদের অনুকূলে প্যানেল করে তিনজন প্রার্থী রাখা হয়। পরে নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা নথি প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠান। কিন্তু বয়সের জটিলতা, প্রার্থী ও সভাপতির অনুপস্থিতির কারণে হরিয়াগাই সরকারি প্রাথমিক বিদ্যাল, হাটপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ আশাবট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভেহেরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ করা যায়নি। যদিও প্রথম দফায় ৩১ জানুয়ারি ও দ্বিতীয় দফায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওই সব বিদ্যালয়ে নিয়োগ-প্রক্রিয়া শেষ করার কথা ছিল।
নিয়োগ পাওয়া কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা প্রত্যেকে তিন থেকে চার লাখ টাকা দিয়ে ওই পদে চাকরি পেয়েছেন।
ফুলপুর উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই পদে তিন লাখ টাকার বিনিময়ে মাসুদ রানা নামের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেলোয়ার হোসেন নামের এক আবেদনকারী তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে ৩১ মার্চ লিখিত অভিযোগ করেন।
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে মৌখিক পরীক্ষা সম্পন্ন হলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। শুনেছি, দুজন প্রার্থী লাখ লাখ টাকা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পেছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন। একজন প্রার্থী বিদ্যালয়ে এসে তাঁকে নিয়োগ দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। এমনকি বিদ্যালয়ের কক্ষে তালা মেরে দিতেও উদ্যত হন।
এদিকে তারকান্দার বাট্টা ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক আবেদনকারীর বাবা আবদুর রাজ্জাক নিয়োগে অনিয়ম হয়েছে বলে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বামনখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপ্রাপ্তবয়স্ক এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার দুই ব্যক্তি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম বলেন, একজন প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ওই পদে নিয়োগ দেওয়ার কথা থাকলেও কেন এডহক কমিটি দিয়ে নিয়োগ দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে নীলুফার হাকিম বলেন, বিবিধ কারণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা যায়নি। তাই এডহক কমিটি দিয়েই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ফুলপুর উপজেলা প্রশাসন কেন তারাকান্দা উপজেলায় নিয়োগ দিচ্ছে—মর্মে আদালতের কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে নীলুফার হাকিম বলেন, এ ব্যাপারে বিস্তারিত জবাব দিতে আদালত থেকে সময় নেওয়া হয়েছে।