দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি (পিয়ন) নিয়োগে অনিয়মের অভিযোগে ক্ষোভ দেখা দিয়েছে। আজ শুক্রবারের মধ্যে অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা না হলে কাল শনিবার সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন স্থানীয় লোকজন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুমা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
রুমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় প্রথম স্থান পাওয়া শৈহ্লাচিং মারমা বলেছেন, তিনি ২০১২ সাল থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) আওতায় দপ্তরি হিসেবে কাজ করে আসছেন। এ জন্য বিদ্যালয়ের সবকিছু জানা থাকায় পরীক্ষায়ও তিনি প্রথম স্থান পেয়েছেন। কিন্তু এখন তাঁকে বাদ দিয়ে দ্বিতীয় স্থান পাওয়া আওয়ামী লীগের এক নেতার আত্মীয়কে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রুমা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে ইউপি সদস্য শৈহ্লাপ্রু মারমা, চিংসাথুই মারমা, লুপ্রু মারমা বলেছেন, অস্বচ্ছভাবে নিয়োগ মেনে নেওয়া হবে না।
জেলা পরিষদের প্রাথমিক শিক্ষাসংক্রান্ত আহ্বায়ক ও পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের অভিযোগ অস্বীকার করে বলেছেন, নিয়ম মেনে নিয়োগ দেওয়া হচ্ছে।