দপ্তরি নিয়োগে অনিয়মের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৭ নম্বর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে লোক নিয়োগে অনিয়মের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৫ মার্চ কমিটির সদস্য মোজামেঞ্চল হকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় ওমর ফারুক প্রথম, হারুন অর রশিদ দ্বিতীয় এবং আতাউর রহমান তৃতীয় হন। নিয়োগ অনুমোদনের জন্য এর একটি কপি গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। নিয়োগবিধি অনুসারে গত ২০ ফেব্রুয়ারি নিয়োগ অনুমোদনের কথা থাকলেও আজও তা হয়নি।
সভাপতি তারেক ইমাম অভিযোগ করেন, মোজামেঞ্চল হক পরীক্ষায় তৃতীয় স্থান পাওয়া ব্যক্তির কাছ থেকে উৎকোচ নিয়ে প্রথম হওয়া ব্যক্তির পরিবর্তে তাঁকে নিয়োগ দিতে ইউএনওর কাছে যান।
অভিযোগ অস্বীকার করে মোজামেঞ্চল হক বলেন, ‘আমি নই, বরং অভিযোগকারীরাই উৎকোচ নিয়ে পরীক্ষায় ওমর ফারুককে প্রথম বানিয়েছেন।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এটিইও আবদুস সালাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় সাংসদের পরামর্শ অনুযায়ী ইউএনও নিয়োগ অনুমোদন করে থাকেন। বিষয়টিও উনিই দেখবেন।’