দপ্তরিকে পেটালেন শিক্ষক!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল উচ্চবিদ্যালয়ে দপ্তরিকে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রধান শিক্ষক। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ঝড়ে ভেঙে যাওয়া বসতঘর মেরামত করতে গিয়ে গতকাল সকালে স্কুলে আসতে দপ্তরি জাকির হোসেনের (৪৫) দেরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক খলিলুর রহমান তাঁকে গালমন্দ করেন এবং চাকরি ছেড়ে চলে যেতে বলেন। এ সময় দপ্তরি গালমন্দের প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাঁকে ঘুষি এবং স্কেল দিয়ে পিটিয়ে জখম করেন।
জাকির হোসেন বলেন, ‘আমি তো ইচ্ছা করে স্কুলে দেরিতে আসিনি। এ বিষয়টি স্যার না বুঝে আমাকে মারপিট করেছেন।’
প্রধান শিক্ষক খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দেরিতে স্কুলে আসায় দপ্তরিকে গালিগালাজ করেছি। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটতে পারে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এমনটি ঘটলে তা কোনোভাবেই ঠিক হয়নি।’