দপ্তরির বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের হাবেলী গোপালপুরের বাসায় ঢুকে চর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তাঁরই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত প্রধান শিক্ষক তানজীর সুলতানাকে (৪৮) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই প্রধান শিক্ষক ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এরপর থেকে দপ্তরি হেলাল উদ্দিন আহমেদ (২৬) পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এজাহারের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা হয়। মেলায় ফরিদপুর সদর উপজেলার স্টলে সাজসজ্জার কাজ করছিলেন চর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হেলাল উদ্দিন। স্টল সাজানোর কাজে কিছু উপকরণের প্রয়োজন পড়লে তিনি তাঁরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজীর সুলতানার হাবেলী গোপালপুরের বাসায় যান। সেখানে কিছু বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে পালিয়ে যান ওই দপ্তরি।
তানজীর সুলতানা বলেন, ‘দপ্তরি কোনো কারণ ছাড়াই আমাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন।’
দপ্তরি হেলাল উদ্দিন বলেন, ‘ওই প্রধান শিক্ষক আমাকে গালাগাল করায় আমি রেগে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিই।’
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক বিপুল দে বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’