দপ্তরে জনবলের সংকট সেবাবঞ্চিত জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে জনবলসংকট প্রকট হওয়ায় প্রশাসনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। সেবা নিতে এসে কর্মকর্তাদের না পেয়ে ফিরে যাচ্ছেন সেবাগ্রহীতারা।ভুক্তভোগী আ ক ম এরশাদুন্নবী আনছারী, আমিনুল ইসলাম, জয়নাল আবেদীন, মোজাম্মেল হকসহ কয়েকজন জানান, কর্মকর্তা না থাকায় সেবা তো দূরের কথা, তাঁদের সময় এবং অর্থের অপচয় হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম ও পরিসংখ্যান কর্মকর্তা আবু তৈয়ব সরদার জানান, ১৩টি দপ্তরের মধ্যে পাঁচটির প্রধান কর্মকর্তা নেই। মোট ৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। তবে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কত, তা তাঁদের জানা নেই। ইউএনও বলেন, ‘শূন্যপদ পূরণে প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার চিঠি দিয়েও কোনো সুফল পাইনি।’গত মঙ্গলবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্য বিভাগে মোট পাঁচটি পদের মধ্যে কর্মরত আছেন দুজন। রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা উলিপুর উপজেলাসহ রাজীবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘একই সঙ্গে চারটি উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে বড় কষ্টে আছি।’ উপজেলা প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী ও কানুনগো পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, তাঁর দপ্তরে অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রধান সহকারীর পদ শূন্য রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ চারজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগে চারটি পদের মধ্যে খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক এবং অফিস সহকারীর পদ শূন্য।উপজেলা কৃষি, সমাজসেবা, হিসাবরক্ষণ, যুব উন্নয়ন, মহিলাবিষয়ক ও সাবরেজিস্ট্রার পদের কর্মকর্তারা এক বছরের বেশি সময় ধরে জেলার বিভিন্ন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য থাকায় সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। ফলে, সরকারি ও বেসরকারি প্রায় ২৫০টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের বেতন-ভাতা যথাসময়ে প্রদান করা সম্ভব হচ্ছে না।মহিলাবিষয়ক কর্মকর্তা সাহানা আক্তার, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান চিলমারী উপজেলায়, হিসাবরক্ষণ কর্মকর্তা মহসীন আলী রৌমারী উপজেলায় এবং উপজেলা সাবরেজিস্ট্রার সদর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উলিপুরে সপ্তাহে মাত্র দুই দিন দলিল রেজিস্ট্রি হয়। ফলে, মানুষের সীমাহীন ভোগান্তি হচ্ছে।উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মহসীন আলী বলেন, অতিরিক্ত দায়িত্ব পালন করার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পেতে কিছুটা অসুবিধা হয়।উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘১৪টি ইউনিয়নের কাজ সামলাতে পারি না। তার ওপর অন্য উপজেলার দায়িত্ব পালন করতে হয়।’