দপ্তরে দপ্তরে আবেদন করেও মিলছে না তথ্য
মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের নাম, ঠিকানাসহ চলতি বছর শ্রেণিভিত্তিক বিতরণ করা বইয়ের সেটসংখ্যা জানতে চেয়ে গত ১৯ জানুয়ারি ঢাকার সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে প্রথম আলো। তিনি নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করায় ১৪ মার্চ ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আপিল করা হয়। এরপরও তথ্য না পাওয়ায় ২৪ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহরিয়ার মেনজিশ বলেন, ‘আপনি যেভাবে তথ্য চেয়েছেন, আমাদের কাছে সেভাবে তথ্য থাকে না। তাই চাকরি চলে গেলেও চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করা সম্ভব নয়।’ অথচ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ৮ (১) অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তাসংশ্লিষ্ট ও অন্য দেশের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে—এমন তথ্য ছাড়া যেকোনো তথ্য আবেদনকারীকে সরবরাহ করা বাধ্যতামূলক। আবেদনের ২০ কর্মদিবসের মধ্যেই তা সরবরাহ করার কথা।
বিভিন্ন ধরনের তথ্য চেয়ে ১৯ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দপ্তরে ১২টি আবেদন করে প্রথম আলো। আবেদনের পর নির্দিষ্ট সময়ে একটি আবেদনের তথ্য পাওয়া যায়। ১১টি আবেদনের তথ্য মেলেনি। এর মধ্যে তিনটি আবেদনের তথ্য পেতে তথ্য কমিশনে অভিযোগ করা হয়েছে। বাকি আটটি আবেদনের তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করা হয়েছে। কিন্তু আপিল কর্তৃপক্ষের কাছ থেকে গতকাল বুধবার পর্যন্তও সাড়া মেলেনি।
তথ্য চেয়ে আবেদনের পর তথ্য না নিতে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিএসপি) ও ওয়ান পার্সেন্টের টাকায় (দলিল রেজিস্ট্রি বাবদ প্রাপ্ত টাকার একাংশ) নেওয়া প্রকল্পসমূহের নাম ও বরাদ্দের পরিমাণ জানতে চেয়ে ওই ইউনিয়ন (আশুলিয়া) পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ২২ মার্চ প্রথম আলোর পক্ষ থেকে আবেদন করা হয়। এরপরই তথ্যের পরিবর্তে আর্থিক সুবিধার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব প্রত্যাখ্যান করে ১২ মে নিয়ম অনুযায়ী পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাতব্বরের কাছে আপিল করা হয়।
প্রথম আলোর পক্ষ থেকে একই দিন একই ধরনের তথ্য চেয়ে আরও আবেদন করা হয় সাভারের বিরুলিয়া, আমিনবাজার ও ধামসোনা এবং ধামরাইয়ের কুল্লা ও সোমভাগ ইউনিয়ন পরিষদে। ওই সব পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নানা অজুহাতে তথ্য সরবরাহে অপারগতা প্রকাশ করেন। এরপর ১২ মে পরিষদের চেয়ারম্যানদের কাছে আপিল করা হয়।
কুল্লা ইউনিয়ন পরিষদের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘তথ্য অধিকার আইন সম্পর্কে আমার ধারণা নেই। এসব ঝামেলা থেকে আমাকে অব্যাহতি দিলে ভালো।’
২০১৪ ও ২০১৫ সালে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার-সংক্রান্ত তথ্যসহ যানবাহন ব্যবহারের বিষয়ে তথ্য চেয়ে ১৯ জানুয়ারি আবেদন করা হয় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের কাছে ১৪ মার্চ আপিল করা হয়। এরপরও তথ্য না মেলায় ২৪ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
তথ্য না দেওয়া প্রসঙ্গে ডিবির পরিদর্শক এ এফ এম সায়েদ বলেন, ‘এসব তথ্য জোগাড় করা অনেক কষ্টের কাজ। তা ছাড়া আবেদনের বিষয়টি আমার জানা নেই।’
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় টাঙ্গাইলের যমুনা সেতু থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত ১৬২ কিলোমিটার নৌপথ খননের বিষয়ে তথ্য চেয়ে গত ৪ এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল ইসলাম ২৫ এপ্রিল এক পত্রে পাউবোর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে তাঁর দপ্তরে চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের অনুরোধ জানান। কিন্তু গতকাল পর্যন্ত তথ্য সরবরাহ করা হয়নি।
আবেদনকারীকে নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করা প্রসঙ্গে তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেন, ‘তথ্য কখন দেবে না, যখন তথ্যের সঙ্গে দুর্নীতি জড়িত থাকে। স্বচ্ছতা থাকলে তথ্য না দেওয়ার কথা নয়।’