নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন আত্রাই নদ ও চলনবিলের ১০টি স্থান থেকে তিন দফায় বাঁশের বেড়া ও ১৪টি সুতি জাল উচ্ছেদ করেছে। কিন্তু এরপরও উপজেলার পাঁচটি স্থানে একইভাবে মাছ শিকার করা হচ্ছে। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় পাঁচ-ছয়জন নেতা এ কাজ করছেন বলে স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, যে পাঁচটি স্থানে এখনো মাছ ধরা হচ্ছে, সেগুলো হলো: পিপলা, বিলসার উজানে রওশন হাজী ও ভাটিতে মা জননী সেতুর কাছে, আত্রাই নদীর রাবার ড্যাম ও যোগেন্দ্র নগর এলাকা।
স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, এসব নেতার পানি নিষ্কাশনের উৎসমুখে বাঁশের বেড়া দিয়ে সুতি জাল পেতে মাছ ধরায় চলনবিলের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি প্রবাহের পথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে চলনবিলের নাটোরের সিংড়া ও গুরুদাসপুর, সিরাজগঞ্জের তাড়াশ এবং নওগাঁর আত্রাই উপজেলা এলাকার প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে ছিটিয়ে বোনা সরিষা, গম, ভুট্টা ও বিনা চাষে রসুন আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
গুরুদাসপুর উপজেলা প্রশাসন, কৃষি ও মৎস্য অফিস এবং স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গুরুদাসপুরের আত্রাই নদে ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়া ফিরোজ হোসেন, চলনবিলের খুবজীপুর ইউনিয়নের বিলশায় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত রওশন আলী এবং চরপিপলায় খুবজীপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরমান আলীর নেতৃত্বে যুবলীগ নেতা পরিচয় দেওয়া মামুন, সাগর ও জিল্লুর বাঁশের বেড়া দিয়ে সুতি জাল পেতে মাছ ধরছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ও মৎস্য সহকারী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, স্থানীয় কৃষকদের রবিশস্য ফসল রক্ষা ও অবাধে মাছ ধরার মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দফা অভিযান চালিয়ে এসব নেতার সুতি জাল ও বাঁশ-খুঁটি জব্দ করা হয়। তারপরও দলীয় দাপটে তাঁরা একইভাবে মাছ ধরছেন। প্রয়োজনীয় লোকবল ও উচ্ছেদের জন্য বরাদ্দ কম থাকায় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তারপরও অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম বলেন, নওগাঁর আত্রাই থেকে শুরু করে পাবনার ভাংগুড়া বড়াল ব্রিজ হয়ে বন্যার পানি যমুনা নদীতে গিয়ে পড়ে। বর্ষার শেষ দিকে আত্রাই নদ ও চলনবিল হয়ে পানি দ্রুত নামতে শুরু করে। কিন্তু কিছু লোক পানি নামার উৎসমুখে সুতি জাল পেতে মাছ নিধন করার কারণে দ্রুত পানি নামতে পারছে না। এ কারণে এবারও রবিশস্য আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সুতি জাল দ্রুত উচ্ছেদ করা না হলে গুরুদাসপুর উপজেলাসহ চলনবিলের ১৫ হাজার হেক্টর জমির শস্য আবাদ বাধাগ্রস্ত হবে।
গত বুধবার বিকেলে চলনবিলের চরপিপলায় গিয়ে দেখা গেছে, চলনবিলের পানি নামার প্রধান পথ ‘কাটা নদীতে’ বাঁশ দিয়ে সুতিজাল পাতা হয়েছে। মাঝে সামান্য ফাঁকা রাখা হয়েছে মাছ ধরা ও নৌকা চলাচলের জন্য।
এ সময় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পাঁচজন অভিযোগ করেন, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরমান আলী এখানে সুতি জাল বসিয়েছেন। তিনি দলীয় দাপটে মাছ ধরার পাশাপাশি বিলের পাশে টংঘরে জুয়ার আসর পরিচালনাসহ নানা অনৈতিক কর্মকাণ্ড করে থাকেন। হয়রানির শিকারের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
এ ব্যাপারে ফরমান আলী বলেন, ‘ছবি তুলে ও রিপোর্ট করে লাভ নেই। আমরা সরকারি দল করি। প্রশাসন ও দলীয় নেতাদের ম্যানেজ করা আছে।’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার বলেন, যুবলীগের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার তাঁকেই নিতে হবে, সংগঠন নেবে না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বছর সাবেক ইউপি সদস্য আফজালকে আর্থিক জরিমানা এবং হাজি রওশনকে আর্থিক জরিমানাসহ এক মাসের জেল দেওয়া হয়েছিল। তারপরও তাঁরা আবার সুতি জাল দিয়ে মাছ ধরছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার বলেন, ‘উপনির্বাচন ও পরীক্ষার কারণে সময়মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তারপরও আবার উদ্যোগ নেওয়া হবে।’