দফায় দফায় বাড়ছে ডিমের দাম, কমছে মুরগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দফায় দফায় বাড়ছে ব্রয়লার মুরগির ডিমের দাম। গত তিন দিনে ডজনপ্রতি ডিমের দাম এক লাফে ১০৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। অন্যদিকে কমতে শুরু করেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। গত সপ্তাহেও কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। এ সপ্তাহে তা নেমে এসেছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। গতকাল শনিবার বাজার ঘুরে ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মার্চের শুরুর দিকে রানীক্ষেত ও বার্ড ফ্লু-আতঙ্কে খামারগুলোতে ব্রয়লার মুরগির উৎপাদন, বাচ্চা ফোটানো এবং ডিমের উৎপাদন কমিয়ে দেন ব্যবসায়ীরা। কিছু পোলট্রি খামার বন্ধ হয়ে যায়। এসব কারণে দুই মাস আগে, অর্থাৎ মার্চের মাঝামাঝি সময়েই ডজনপ্রতি ডিমের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা হয়। পরবর্তী সময়ে আরও বেড়ে হয়েছে ১০৮ টাকা। এখন তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। দুই মাস আগেও দেশি মুরগির ডিম বিক্রি হতো ১২৫ থেকে ১৩০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ টাকায়। হাঁসের ডিমের দাম ১১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। কাজীর দেউড়ি বাজারের খুচরা ডিম ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে জানান, উৎপাদন বন্ধ থাকায় খুচরা বাজারে ডিমের সরবরাহ একেবারেই কম। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, বার্ড ফ্লু ও রানীক্ষেতের কারণে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে ডিম ও মুরগির বাজারে। এ অবস্থা কাটিয়ে উঠতে পোলট্রি খামারগুলো বাচ্চা উৎপাদন করা শুরু করেছে মাত্র। বাচ্চা বড় হতে এবং ডিম দিতে আরও ছয় মাসের মতো অপেক্ষা করতে হবে। অন্যদিকে বাজারে কমতে শুরু করেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। গত সপ্তাহেও কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। এ সপ্তাহে তা কমে নেমে এসেছে ১৭০ থেকে ১৭৫ টাকায়। বাজারে কমেছে দেশি মুরগির দামও। রিয়াজউদ্দিন বাজারের খাজা গরীবের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান বলেন, ‘গত শুক্রবারও দেশি মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ (গতকাল শনিবার) তা বিক্রি হচ্ছে ২৭৫ টাকায়।’ এদিকে লিটারপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দুই থেকে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৬০ টাকায়। বাজারে আগের দামেই রয়েছে মাছ, মাংস ও সবজির দাম। রিয়াজউদ্দিন বাজারের খুচরা কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, মাছ, মাংস ও শাকসবজি আগের বাড়তি দামেই বিক্রি করছেন বিক্রেতারা। অর্থাৎ কিছুদিন আগে বেড়ে যাওয়া দামেই বিক্রি হচ্ছে এসব পণ্য। তবে সবজির মধ্যে বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে আলুর দাম ছিল কেজিপ্রতি ২০ টাকা। এখন দাম বেড়ে হয়েছে ২৪ টাকা। মাছ ব্যবসায়ীরা বলেন, মাছের মৌসুম এখনো শুরু হয়নি। ফলে বাজারে মাছ আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। সাদা রূপচাঁদা ৮০০ থেকে এক হাজার টাকা, বড় আকারের কালো রূপচাঁদা ৩০০, ছোট আকারের ৩৮০ টাকা, বড় আকারের ইলিশ ৯০০ থেকে এক হাজার টাকা, ছোট আকারের ৬০০ টাকা, বিভিন্ন আকারের গলদা চিংড়ির দাম ৫৫০ থেকে ৮০০ টাকা, সুরমা ২২০ থেকে ৩৫০ টাকা, লাক্ষা ৫০০ টাকা, কোরাল ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সবজি ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পরিমাণ বেড়ে গেলেই সবজির উৎপাদন ও সরবরাহ কমে যাবে। বৃষ্টি কারণে এবং রমজান মাসে সবজির চাহিদা বাড়লে তখন আরও বেড়ে যাবে সবজির দাম।