
নির্বাচন কমিশন দফায় দফায় উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত কেন নিল, তা আমার বোধগম্য নয়। আমি মনে করি, এ সিদ্ধান্ত সঠিক ছিল না। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এক দিনে সারা দেশে উপজেলা পরিষদের নির্বাচনের আয়োজন করা হলে অনিয়ম ও হানাহানি এতটা ব্যাপক হতে পারত না।
এই নির্বাচনে সব রাজনৈতিক দলভুক্ত প্রার্থীরাই অংশ নিচ্ছেন। দফায় দফায় নির্বাচন আয়োজনের ফলে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীরা এবং সারা দেশের মানুষ এক দফা নির্বাচন দেখে পরের দফার জন্য কিছু পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জনপ্রিয়তা দেখানো ও বিজয়ী হওয়ার জন্য এক কঠোর প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এক দিনে নির্বাচন হয়ে গেলে এ অবস্থার সৃষ্টি হতো না।
দফায় দফায় করার পরও নির্বাচন কমিশন কেন অনিয়ম ও হানাহানি ঠেকাতে পারছে না, সেটাই বোঝা যাচ্ছে না। হয়তো তারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না। নয়তো বুঝতে পারছে না, তাদের কী করা দরকার।
এই নির্বাচনের সার্বিক অবস্থা মিলে সবচেয়ে খারাপ যে বিষয়টি উঠে আসছে, তা হলো নির্বাচন সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। নির্বাচনী ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর কোনোটাই গণতন্ত্রের জন্য শুভ নয়।
এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার।