দফায় দফায় সংঘর্ষ, নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গোপালপুর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড করাকে কেন্দ্র করে গতকাল সোমবার পৌর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দলীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজার কর্মী জাহারুল ইসলামের (৩৫) নেতৃত্বে কয়েকজন যুবক বিএনপির প্রার্থী নজরুল ইসলামের কর্মী আলী আজম গাগান ও নুরুল হুদা পল্টনকে মারধর করেন। তাঁদের ভোটের প্রচারণা থেকে বাইরে থাকার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে বিএনপি প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল বেলা ১১টায় গোপালপুর রেলগেট এলাকা থেকে জাহারুল ইসলামকে আটক করেন। পরে আদালত তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করলে তিনি জরিমানা পরিশোধ করে ছাড়া পান। গতকাল দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর মেয়ে সিলভিয়া লেনি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে কিছু কর্মী গোপালপুর রেলগেটে অবস্থিত পৌর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে সেখানে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর ওপর চড়াও হন। তাঁরা অভিযোগ করেন, জাহারুল ইসলামকে গ্রেপ্তার করার পেছনে আফতাব হোসেনের ইঙ্গিত রয়েছে। তিনি প্রশাসনকে ব্যবহার করে অর্থদণ্ড করিয়েছেন। এ ব্যাপারে কথা-কাটাকাটির একপর্যায়ে বিক্ষুব্ধ কর্মীরা আফতাব হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং কার্যালয়ের কিছু চেয়ার ভাঙচুর করেন। এ সময় আফতাব হোসেন দ্রুত সেখান থেকে চলে গেলে বিক্ষুব্ধ কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদকে পৌর এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। ওই ঘটনার দেড় ঘণ্টা পর বেলা সাড়ে তিনটায় উপজেলা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী একজোট হয়ে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান নেন। এ সময় মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজার নির্বাচনী কাজে নিয়োজিত আলমগীর হোসেন (২৪) নামের এক কর্মীকে তাঁরা বেধড়ক মারধর করে আহত করেন। সন্ধ্যায় আবারও রেলগেট এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সন্ধ্যা সাতটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের কার্যালয়ে যান। তিনি বিষয়টি মীমাংসার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন না।
এর আগে সন্ধ্যায় লালপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সহসভাপতি বদরউদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল ও দপ্তর সম্পাদক সফি উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের লাঞ্ছিত করার ঘটনার সময় দলীয় প্রার্থীর মেয়েসহ উচ্ছৃঙ্খল কর্মীদের সহযোগিতা করায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তাহীনতা ও আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৌর নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন না বলেও জানানো হয়।
এ ব্যাপারে সাইফুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের একটি অংশ অন্য একজনকে মেয়র পদে প্রার্থী করেছিল। কেন্দ্র ওই প্রার্থীকে মনোনীত না করায় তারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে না। বরং নানা জটিলতার সৃষ্টি করছে। এতে তিনি সায় না দেওয়ায় ওই নেতারা তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন। তবে তিনি দাবি করে, ‘তাঁরা আমাকে বহিষ্কার করার এখতিয়ার রাখেন না।’
সভাপতি আফতাব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দলের প্রার্থী নেতা-কর্মীদের সঙ্গে না নিয়ে এলাকার কুখ্যাত সন্ত্রাসীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ফলে দলের পক্ষ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।