দফায় দফায় সময় চাওয়ায় আদালত হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক যুগ পর মামলার বিচার শুরু হয়েছে। দফায় দফায় সময় চাইলে মামলা পরিচালনা করব কীভাবে।’ যমুনা গ্রুপের মালিক নূরুল ইসলাম বাবুলসহ চারজনের বিরুদ্ধে অবৈধভাবে বিয়ার উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে করা মামলায় আজ বৃহস্পতিবার সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ কথা বলেন।

আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজির করতে না পারা ও দফায় দফায় সময় আবেদন করায় আদালত হতাশা প্রকাশ ক‌রে বলেন, ‘এভাবে সময় চাইলে বিচার পরিচালনা করা কঠিন।’ মামলাটি দ্রুত শেষ করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আদালত আগামী ৮ মার্চ সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন।

চলতি বছরের ১২ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জানুয়ারি তারিখ ধার্য করেছিলেন।
ওই দিনও সময় আবেদন করা হলে আদালত ১৮ ফেব্রুয়ারি (আজ) তারিখ ধার্য করেছিলেন। ওই দিন মামলার আসামি নূরুল ইসলাম বাবুলসহ অন্য আসামিরা হাজির না হওয়ায় তাঁদের প‌ক্ষে সময়ের আবেদন করা হয়েছিল।

২০০৪ সালের ৮ মার্চ গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স ক্রাউন বেভারেজের কারখানায় বেআইনিভাবে বিয়ার উৎপাদন করে তা বাজারজাতকরণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটি করে। ওই বছরের ৩১ মার্চ ক্রাউন বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক বাবুলের ছেলে শামীম ইসলাম, প্রতিষ্ঠানটির পরিচালক নূরুল ইসলাম ও সালমা ইসলাম এবং মহাব্যবস্থাপক মো. সুরোজ রহমান শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে হাইকোর্ট মামলার বিচারকাজের ওপর স্থগিতাদেশ দেন। গত বছরের নভেম্বরে হাইকোর্ট আসামিপক্ষের রিট আবেদন খারিজ করার পর দীর্ঘ ১২ বছর পর এ মামলার বিচারকাজ শুরু হলো।