‘তাবিজ গরি ঝুলাই রাইখ্যুম তোঁয়ারে ও ননাইরে/ হাতের ঘড়ি বানাই রাইখ্যুম তোঁয়ারে ও ননাইরে/ মানিব্যাগত রাখি দিয়্যুম তোঁয়ারে ও ননাইরে’—ভারতীয় চ্যানেল জি বাংলার মীরাক্কেল তারকা ইয়াকুব রাসেলের এই প্যারোডি গানের তিনটি লাইন। গানের সঙ্গে অভিনয়ের ভঙ্গিটা এমন যে না হেসে কোনো উপায় নেই। হয়েছেও তা-ই, হাসির যেন বন্যা বয়ে যায়! শুধু কি রাসেল, হাসির ফোয়ারা তোলেন মীরাক্কেল তারকা কমর উদ্দিন আরমান, তনজিলা কলি, কায়কোবাদসহ অন্যরা।
গত ২৯ জুলাই বন্দর নগরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ‘চট্টগ্রাম কমেডি উৎসব ২০১৬’। মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই হাসির উৎসবের আয়োজন করে চিটাগাং কমেডি ক্লাব।
সন্ধ্যা ছয়টায় চিটাগাং কমেডি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুর রহমানের কৌতুক পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর একে একে মঞ্চে আসেন বেসরকারি টেলিভিশন এনটিভির (হা-শো) প্রতিযোগিতার প্রতিযোগী মাসুম, ইমরান, কাওসার ও শীলা। তাঁদের পরিবেশনা ছিল উপভোগ্য। তবে দর্শকদের তবু যেন মন ভরছিল না। দর্শকদের চোখ মঞ্চে খুঁজে বেড়াচ্ছিল মীরাক্কেলের তারকাদের। অবশেষে শেষ হলো অপেক্ষার পালা।
মীরাক্কেলের তারকাদের মধ্যে প্রথমেই মঞ্চে আসেন সিজন নয়ের প্রতিযোগী কায়কোবাদ। প্রায় ৩০ মিনিট মঞ্চ মাতিয়ে তিনি ইতি টানেন। এরপর মীরাক্কেল সিজন নয়ের আরেক প্রতিযোগী তানজিলা কলির আগমন। তাঁর সঙ্গে মঞ্চে আসেন কৌতুক অভিনেতা সাইফুর রহমান। শুরু হয় তাঁদের দ্বৈত কৌতুক পরিবেশনা। মাতিয়ে তোলেন পুরো মিলনায়তন। শেষদিকে মঞ্চে আসেন মীরাক্কেল সিজন নয়ে অষ্টম হওয়া ইয়াকুব রাসেল ও দ্বিতীয় রানার্সআপ হওয়া কমর উদ্দিন আরমান। দুজনের পরিবেশনাতেই হাসতে হাসতে দর্শকদের পেটে খিল পড়ার অবস্থা হয়।
উৎসবে কৌতুক ও প্যারোডি গানের পরিবেশনা ছাড়াও ছিল কমেডি ড্যান্স, গান, মাইম ও স্ট্যান্ড কমেডি। উৎসবে অতিথি শিল্পী হিসেবে ছিলেন চাটগাঁইয়া লাখাখ্যাত ফাহাদ। উৎসবে কৌতুক পরিবেশনার ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠ।
আয়োজন প্রসঙ্গে উৎসব সমন্বয়ক ইয়াকুব রাসেল বলেন, ‘যান্ত্রিক জীবনে মানুষ এখন হাসতে ভুলে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে নানা ধরনের হতাশা। ফলে বাড়ছে আত্মহত্যা। এ ছাড়া মানুষের শরীরে দানা বাঁধছে অসুখ। তরুণ প্রজন্ম এই হতাশা থেকেই জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। আমরা এই ধরনের হাসির আয়োজনের মাধ্যমে মানুষের হতাশা কাটাতে কাজ করছি।’
চট্টগ্রাম থেকে উৎসবের শুরু হলেও ভবিষ্যতে দেশজুড়ে এই হাসির উৎসব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা বলেন উৎসবের প্রধান সমন্বয়ক কমর উদ্দিন আরমান।