দম ফেলার ফুরসত নেই
ঈদ উপলক্ষে জামালপুর সদর উপজেলার হস্তশিল্পসামগ্রী তৈরির কারখানাগুলো এখন সরব। বাজারে ব্যাপক চাহিদা থাকায় দম ফেলানোর সময় নেই কারিগরদের। ক্রেতাদের আকৃষ্ট করতে চোখজুড়ানো হস্তশিল্পসামগ্রী তৈরি করছেন তাঁরা। এ কাজ চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
জেলা হস্তশিল্প মালিক সমিতি সূত্র জানায়, জামালপুর উপজেলা সদরের বকুলতলা, নয়াপাড়া, কাছারিপাড়া, ফুলবাড়িয়া, জিগাতলা, দক্ষিণ কাছারিপাড়া, পশ্চিম কাছারিপাড়া, বনপাড়া, কলেজ রোড এলাকা, দাপুনিয়া, সরদারপাড়া, নাসিরপুর, চন্দ্রা, বজ্রাপুর, ডাকপাড়া, মুকুন্দবাড়ী ও দেওয়ানপাড়া এলাকায় হস্তশিল্পসামগ্রী তৈরির কারখানা ও দুই শতাধিক দোকান গড়ে উঠেছে। এর মধ্যে পাইকারি বিক্রির দোকান শতাধিক।
কারখানাগুলোতে রোজার তিন-চার মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। এগুলোতে প্রায় ২০ হাজার কারিগর কাজ করেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী। ঈদে পাইকারি ও খুচরা মিলে দুই কোটি টাকার বেশি বিক্রি হয়। এবার বেচাকেনা ভালো থাকায় বিক্রি তিন কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন কারখানার মালিকেরা।
হস্তশিল্পের কারখানা ও দোকানে গিয়ে দেখা যায়, নকশিকাঁথা, থ্রিপিস, পাঞ্জাবি, ফতোয়া, টি-শার্ট, শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের পাঞ্জাবি, ওড়না, বিছানার চাদর, শাল, চাদর, বালিশের কভার, পাশ ব্যাগ, ওয়ালম্যাট, কুশন-কভার, পাপোশসহ হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী তৈরি করছেন কারিগরেরা। এসব পণ্যসামগ্রীতে নারীরা নিপুণ হাতে সুঁই-সুতা দিয়ে রংবেরঙের নানা নকশা ফুটিয়ে তুলছেন।
হস্তশিল্পসামগ্রী তৈরি কারখানার কয়েকজন মালিক বলেন, দুই দশকের ঐতিহ্যবাহী এ হস্তশিল্প দেশের সীমানা পেরিয়ে অনেক আগেই ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সুইডেনসহ ইউরোপ-আমেরিকার উন্নত দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। হাতে তৈরি এ শিল্প এখন ক্ষুদ্র থেকে মাঝারিতে রূপ নিয়েছে। ঈদ সামনে রেখে ছোট-বড় উদ্যোক্তারা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। গত ঈদের চেয়ে এবার বেচাবিক্রি ভালো থাকায় ব্যবসায়ীরাও খুশি।
পৌর শহরের জিগাতলা এলাকার কারিগর আকলিমা আক্তার বলেন, হস্তশিল্পে কাজ করে ঈদের সময় মাসে ১৫-১৬ হাজার টাকাও আয় করেন অনেকে। ঈদ ছাড়া একজন নারী কারিগর মাসে ৯ থেকে ১০ হাজার টাকা রোজগার করেন।
সদর উপজেলার কামালখান হাট এলাকার কারিগর রোজিনা খাতুন বলেন, ঈদ উপলক্ষে কাজের চাপ তিন গুণ বেড়ে যায়। ঈদের মৌসুমে তিন মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা রোজগার হয়।
হস্তশিল্প অপরূপা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ছাইদা বেগম বলেন, তাঁর কারখানায় এ বছর এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। এর মধ্যে সুইডেনের এক হস্তশিল্প ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকার পণ্য বিক্রি করা হয়েছে। বাজার ভালো থাকলে আরও পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী বিক্রি করা যাবে।
জেলা হস্তশিল্প মালিক সমিতির সহসভাপতি ও দীপ্ত কুটিরের স্বত্বাধিকারী দেলুয়ারা বেগম বলেন, ‘আমার প্রতিষ্ঠানে এবার পাইকারি ও খুচরা বিক্রির লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৪০ লাখ টাকা। এ পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। গত সপ্তাহে নেপালের একজন হস্তশিল্প ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকার পণ্য বিক্রি করেছি। ঈদের আরও যে সময় রয়েছে, এর মধ্যে আরও ১০ লাখ টাকার সামগ্রী বিক্রি হতে পারে।’